আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধবিরতি কার্যকর থাকার মধ্যেই নতুন করে পাল্টাপাল্টি সামরিক হামলাকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। উভয় দেশই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে।
মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক কার্যক্রমের দায়িত্বে থাকা যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, হরমুজ প্রণালিতে একটি বাণিজ্যিক ট্যাংকারে ইরানের ড্রোন হামলার জবাবে তারা ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংরক্ষণাগার এবং উপকূলীয় রাডার স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে।
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, ‘ইরান একটি যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করেছে এবং আমরা সেই চুক্তি মেনে চলেছি। সমঝোতা বাস্তবায়ন নিয়ে তাদের কোনো আপত্তি থাকলে তা আলোচনার মাধ্যমে জানানো উচিত।’ তিনি আরও বলেন, ‘সহিংসতার জবাব সহিংসতার মাধ্যমেই দেওয়া হবে।’
অন্যদিকে, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) যুক্তরাষ্ট্রের হামলার তীব্র নিন্দা জানিয়ে অভিযোগ করেছে, ওয়াশিংটন আবারও তার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। আইআরজিসির দাবি, এর জবাবে তারা উপসাগরীয় অঞ্চলে মার্কিন বাহিনীর বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে।
এক বিবৃতিতে আইআরজিসি সতর্ক করে বলেছে, “আগ্রাসনের পুনরাবৃত্তি হলে আমাদের প্রতিক্রিয়া আরও ব্যাপক ও কঠোর হবে।”
ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান ইব্রাহিম আজিজিও এক্সে দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রের সমালোচনা করেন। তিনি বলেন, “মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রমাণ করেছেন, তিনি আলোচনার নীতি কিংবা যুদ্ধবিরতির প্রতি শ্রদ্ধাশীল নন।” তিনি যুক্তরাষ্ট্রের হামলাকে যুদ্ধবিরতির “বেপরোয়া লঙ্ঘন” বলেও অভিহিত করেন।
গত ১৭ জুন যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসানে একটি সমঝোতা স্মারকে সই করার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমার আশা দেখা দিয়েছিল। তবে হরমুজ প্রণালিতে সাম্প্রতিক হামলা এবং এর জেরে দুই দেশের পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপ সেই সম্ভাবনাকে আবারও অনিশ্চয়তার মুখে ফেলেছে।
বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। ফলে এ অঞ্চলে সংঘাত আরও বাড়লে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও বাজারে নতুন করে অস্থিরতা সৃষ্টি হতে পারে।
সূত্র: এএফপি, রয়টার্স
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available