নিজস্ব প্রতিবেদক: দেশের বিনিয়োগ পরিবেশকে আরও গতিশীল ও সমন্বিত করতে বড় ধরনের প্রশাসনিক সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে ৬টি গুরুত্বপূর্ণ সরকারি সংস্থা বিলুপ্ত করে বিনিয়োগ উন্নয়ন সংস্থা নামে একটি নতুন দপ্তর গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১৯ এপ্রিল রোববার প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এ তথ্য জানা যায়।


বিলুপ্ত হতে যাওয়া সংস্থাগুলো হলো- বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা), বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ, পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কর্তৃপক্ষ এবং বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)।

সরকারি সূত্র জানায়, নতুন এই সংস্থার আওতায় বিনিয়োগ সংক্রান্ত সব সেবা এক জায়গা থেকে দেওয়া হবে। এতে কাগুজে নথির পরিবর্তে চালু করা হবে ডিজিটাল ডি-নথি পদ্ধতি।
বর্তমানে বিনিয়োগ প্রক্রিয়ায় একাধিক দপ্তরের জটিলতা এবং দীর্ঘসূত্রতার কারণে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের ভোগান্তি তৈরি হয়। সহজ ব্যবসার সূচকেও বাংলাদেশ পিছিয়ে রয়েছে। এ অবস্থার উন্নয়নে দীর্ঘদিন ধরেই একক কর্তৃপক্ষ গঠনের দাবি ছিল।
প্রধানমন্ত্রীর কার্যালয় ইতোমধ্যে সংস্থাগুলোর একীভূতকরণ, আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া, জনবল স্থানান্তর এবং নতুন অর্গানোগ্রাম তৈরির কাজ শুরু করেছে। এ লক্ষ্যে কয়েকটি কমিটিও গঠন করা হয়েছে।
আগামী ২ জুলাই প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিতব্য উচ্চপর্যায়ের বৈঠকে এ সংক্রান্ত খসড়া চূড়ান্ত করা হবে বলে জানা গেছে।
বিশ্লেষকদের মতে, প্রস্তাবিত এই একীভূতকরণ বাস্তবায়ন হলে বিনিয়োগ প্রক্রিয়া আরও দ্রুত ও কার্যকর হতে পারে। তবে আইনি ও প্রশাসনিক জটিলতা কাটিয়ে সিদ্ধান্ত বাস্তবায়ন করাই হবে বড় চ্যালেঞ্জ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available