অনলাইন ডেস্ক: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী ৭ জানুয়ারি থেকে শুরু হবে এবং শেষ হবে ৬ ফেব্রুয়ারি। এছাড়া এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ৬ জুন শুরু হয়ে শেষ হবে ১৩ জুলাই।
১৪ মে বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।


শিক্ষামন্ত্রী বলেন, সেশনজট কমিয়ে আনতে প্রথমে ডিসেম্বরের মধ্যেই ২০২৭ সালের সব পাবলিক পরীক্ষা শেষ করার পরিকল্পনা নেওয়া হয়েছিল। তবে সংশ্লিষ্টদের আপত্তি ও শিক্ষার্থীদের প্রস্তুতির বিষয় বিবেচনায় নিয়ে পরীক্ষার নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

তিনি জানান, শিক্ষার্থীরা যেন পর্যাপ্ত প্রস্তুতির সুযোগ পায়, সেজন্য পরীক্ষার সময়সূচি পুনর্নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে প্রশ্নপত্র ফাঁস রোধ এবং পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কঠোর নজরদারির ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
শিক্ষামন্ত্রী আরও বলেন, সাধারণত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হয়, যার ফলে অন্যান্য শ্রেণির শিক্ষার্থীদের পড়াশোনায় বিঘ্ন ঘটে। এ সমস্যা সমাধানে দেশের প্রতিটি উপজেলায় একটি করে মাল্টিপারপাস পরীক্ষার হল নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, নির্ধারিত সময়ের মধ্যে ফল প্রকাশ নিশ্চিত করতে শিক্ষা বোর্ডগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি এসএসসি ও এইচএসসি পরীক্ষার রুটিন তৈরির কাজও চলমান রয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available