অনলাইন ডেস্ক: চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ২০ জুলাইয়ের মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একইসঙ্গে তিনি জানান, এইচএসসি পরীক্ষার ফলও দুই মাসের মধ্যে প্রকাশের পরিকল্পনা রয়েছে।
১৫ জুন সোমবার রাজধানীর মোহাম্মদপুরে ‘প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব তথ্য দেন।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের কোচিংয়ের ওপর নির্ভরতা কমাতে সিলেবাস ও কারিকুলামে বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে। পাশাপাশি সারা দেশে কারিগরি শিক্ষার প্রসার এবং দক্ষ জনবল তৈরির লক্ষ্যে নির্মাণাধীন ৩২৯টি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের কাজ আগামী দুই বছরের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে।
তিনি আরও বলেন, সরকারের লক্ষ্য হলো জনসংখ্যাকে মানবসম্পদে রূপান্তর করা। এ জন্য শিক্ষা খাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে এবং কারিগরি শিক্ষার বিস্তারকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
শিক্ষামন্ত্রী জানান, সেশনজট কমাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হচ্ছে, যাতে ২০২৮ সালের মধ্যে শিক্ষার্থীরা পরীক্ষার পর দ্রুত পরবর্তী ধাপে অগ্রসর হতে পারে এবং কলেজ শেষ করেই বিশ্ববিদ্যালয়ের পাঠ শুরু করতে পারে।
এছাড়া শিক্ষার্থীদের জন্য নতুন উদ্যোগ হিসেবে আগামী জুলাইয়ের শেষ সপ্তাহ থেকে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ কার্যক্রম শুরু করার কথাও জানান তিনি।
পাঠ্যপুস্তক পরিমার্জনের বিষয়ে এহছানুল হক মিলন জানান, ডিসেম্বরের মধ্যেই দেশের সব স্কুলে সংশোধিত ও পরিমার্জিত নতুন বই পৌঁছে দেওয়া হবে, যাতে নতুন শিক্ষাবর্ষের শুরু থেকেই শিক্ষার্থীরা নির্বিঘ্নে বই হাতে পায়।
এছাড়া, কোচিংনির্ভরতা কমিয়ে আনার লক্ষ্যেও কাজ চলছে বলে জানিয়ে শিক্ষামন্ত্রী আরও বলেন, এমনভাবে নতুন সিলেবাস ও কারিকুলাম তৈরি করা হচ্ছে যাতে শিক্ষার্থীদের অযথা কোচিং সেন্টারে যেতে না হয়। শিক্ষার্থীদের শুধু চার দেয়ালের মধ্যে পাঠদানে সীমাবদ্ধ রাখা যাবে না। পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেও বিশেষ গুরুত্ব দিতে হবে।
সূত্র: বাংলাদেশ প্রতিদিন
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available