ডেস্ক রিপোর্ট: ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ) আয়োজিত ‘গ্রীষ্মকালীন দাভোস’-এ ‘‘পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে জলবায়ু নেতৃত্ব’’ শীর্ষক সেশনে অংশ নিয়ে বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
২৩ জুন মঙ্গলবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টার দিকে চীনের লিয়াওনিং প্রদেশের দালিয়ান শহরের দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই সেশন অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রী ‘ক্ষয়ক্ষতি তহবিল’কে প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নে আনা, জলবায়ু অর্থায়নকে ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরও সহজলভ্য করা এবং ‘সবুজ জলবায়ু তহবিল’কে (জিসিএফ) কার্যকর করা প্রয়োজন বলে গুরুত্বারোপ করেন। এছাড়াও প্রশমনের পাশাপাশি অভিযোজনও অপরিহার্য বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
এর আগে সম্মেলনস্থলে প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে সাক্ষাৎ করেন ডব্লিউইএফের প্রেসিডেন্ট ও সিইও আলোইস জভিংগি।
প্রধানমন্ত্রী তার বক্তব্যে জলবায়ু সহনশীলতা তৈরিতে অংশীদারিত্ব, প্রযুক্তি, অর্থায়ন এবং যৌথ অঙ্গীকারের ওপর গুরুত্বারোপ করেন।
প্রসঙ্গত, চীনের দালিয়ান শহরে ২৩ থেকে ২৫ জুন পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে এই “গ্রীষ্মকালীন দাভোস”। “বৃহৎ পরিসরে উদ্ভাবন” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এবারের সম্মেলনে বৈশ্বিক অর্থনীতি, শিল্প কাঠামোর পরিবর্তন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও উদীয়মান প্রযুক্তির বাস্তব প্রয়োগ, চীনের অর্থনৈতিক ভবিষ্যৎ, তরুণদের কর্মসংস্থান এবং জলবায়ু পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হচ্ছে।
বিশ্বজুড়ে প্রযুক্তিগত অগ্রগতি ও এর বিস্তৃত অর্থনৈতিক সুফলের মধ্যে বিদ্যমান ব্যবধান কমানোর বিষয়টি এবারের সম্মেলনের অন্যতম কেন্দ্রীয় আলোচ্য বিষয় হিসেবে গুরুত্ব পাচ্ছে।
এবারের সম্মেলনে ৯০টিরও বেশি দেশের প্রায় ১,৭০০ এর অধিক সরকারি প্রতিনিধি, নীতিনির্ধারক, ব্যবসায়ী ও প্রযুক্তি উদ্যোক্তা অংশগ্রহণ করছেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available