নিজস্ব প্রতিবেদক: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
২২ মার্চ রোববার দুপুরে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবসের ভোরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের সব দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। একই দিন ভোর ৫টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হবে।

এরপর নেতাকর্মীরা মহান স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের মাজারে গিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন। সেখানে ওলামা দলের উদ্যোগে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে।
এর আগে ২৫ মার্চ দুপুর সাড়ে ১২টায় রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির উদ্যোগে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে দলের শীর্ষ নেতাদের পাশাপাশি দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বুদ্ধিজীবীরা অংশ নেবেন।
স্বাধীনতা দিবস উপলক্ষে ইতোমধ্যে বিশেষ পোস্টার প্রকাশ করেছে বিএনপি। পাশাপাশি পত্রিকায় বিশেষ ক্রোড়পত্র প্রকাশের প্রস্তুতিও সম্পন্ন হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
রুহুল কবির রিজভী জানান, কেন্দ্রের পাশাপাশি সারা দেশের জেলা, মহানগর, উপজেলা ও পৌর ইউনিটগুলো নিজ নিজ সুবিধাজনক সময়ে আলোচনা সভা ও অন্যান্য কর্মসূচি পালন করবে। অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোকেও নিজস্ব কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে।
ঘোষিত কর্মসূচিগুলো সফলভাবে বাস্তবায়নে দলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available