নিজস্ব প্রতিবেদক: ইরানের সঙ্গে আমেরিকা ও ইসরায়েলের সংঘাত ঘিরে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া জ্বালানি তেল সংকট ভোগাচ্ছে অনেক দেশকেই। বাংলাদেশেও পড়েছে এর প্রভাব। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও তেল পাচ্ছে না গাড়িগুলো।
বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের তেল নিয়ে অভিযোগের মধ্যে এবার সংকটে পড়ার কথা জানালেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীও। ঢাকা–৮ আসনের আলোচিত সাবেক এ এমপি প্রার্থী নিজের ভেরিফায়েড ফেসবুকে সোমবার তেল না পাওয়ার কথা জানান।


নাসীরুদ্দীন পাটওয়ারী লিখেছেন, ‘৪ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও তেল পেলাম না।’ এই পোস্টের নিচে কমেন্ট করছেন অনেকে। জানাচ্ছেন ক্ষোভও।

মধ্যপ্রাচ্য সংকটে সারা বিশ্বে জ্বালানি তেলের ওপর যে প্রভাব পড়েছে, তার ঢেউ এসে লেগেছে দেশে। গত কদিন ধরে অধিকাংশ পেট্রোল পাম্পেই তেল মিলছে না। দু–একটিতে মিললেও দীর্ঘ লাইন। অনেক সময় দেখা যায়, ৮ থেকে ৯ ঘণ্টা বা তারও বেশি লাইনে দাঁড়িয়েও তেল পাওয়া যাচ্ছে না।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। প্রতিবাদে ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালাচ্ছে ইরান।
এই হামলা–পাল্টা হামলার মধ্যে ইরানের নিয়ন্ত্রণে থাকা হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়া হয়েছে। বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক পঞ্চমাংশ সাধারণত হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়।
ইরান এরই মধ্যে ঘোষণা দিয়েছে, তেহরান হরমুজ প্রণালি দিয়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের অংশীদারদের কাছে ‘এক লিটার তেলও’ পৌঁছাতে দেবে না।
এদিকে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার জন্য ইরানকে একটি নতুন সময়সীমা বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৪৮ ঘণ্টার মধ্যে ওই প্রণালি না খুললে যুক্তরাষ্ট্র ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলো ধ্বংস করে দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available