ডেস্ক রিপোর্ট: এ বছরই অনুষ্ঠিত হতে পারে বিএনপির জাতীয় কাউন্সিল। ওই কাউন্সিলে দলের মহাসচিব পদে পরিবর্তন আসার ইঙ্গিত দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সময় টেলিভিশনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান। একই সঙ্গে কাউন্সিলের পর রাজনীতি থেকে অবসর নেওয়ার ইচ্ছার কথাও প্রকাশ করেন তিনি।
দলীয় সূত্রে জানা যায়, বিএনপির সর্বশেষ জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিল প্রায় ১০ বছর আগে। দীর্ঘ সময় ধরে রাজনৈতিক কর্মসূচি ও আন্দোলনের ব্যস্ততার কারণে নতুন কাউন্সিল আয়োজন করা সম্ভব হয়নি। তবে সাম্প্রতিক সময়ে বিষয়টি আবারও আলোচনায় এসেছে।


দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সাম্প্রতিক বৈঠকেও কাউন্সিল আয়োজন নিয়ে আলোচনা হয়। যদিও এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

মির্জা ফখরুল জানান, নির্দিষ্ট তারিখ না হলেও এ বছরই দলের কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগে তৃণমূল পর্যায়ের সম্মেলন আয়োজনের পরিকল্পনাও রয়েছে।
তিনি আরও বলেন, কাউন্সিলে নতুন নেতৃত্ব আসতে পারে, বিশেষ করে মহাসচিব পদে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। ব্যক্তিগতভাবে তিনি রাজনীতি থেকে অবসর নিতে চান বলেও জানান।
সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি খুবই ক্লান্ত। কাউন্সিল পর্যন্ত দায়িত্বে থাকব। এরপর অবসর নিতে চাই। বয়স হয়েছে, শারীরিকভাবেও ভালো নেই।’
রাষ্ট্রপতি হওয়ার আকাঙ্ক্ষা আছে কি না—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ধরনের কোনো আকাঙ্ক্ষা তার কখনোই ছিল না। তার মতে, রাজনীতিতে তার অবস্থান মূলত সময় ও পরিস্থিতির কারণে তৈরি হয়েছে।
উল্লেখ্য, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২০১১ সালের মার্চে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পান এবং পরবর্তীতে ২০১৬ সালের কাউন্সিলের পর থেকে দলের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available