স্পোর্টস ডেস্ক: নাটকীয় এক ম্যাচে ২ রানের শ্বাসরুদ্ধকর জয়ে হায়দরাবাদ কিংসমেন প্রথমবারের মতো ফাইনালে উঠেছে পাকিস্তান সুপার লিগে। দ্বিতীয় এলিমিনেটরে হারের বেদনাতেই বিদায় নিতে হয়েছে তিনবারের চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেডকে।
ম্যাচের শুরুটা কঠিন হলেও বিদেশি অধিনায়ক মার্নাস লাবুশেনের নেতৃত্বে ঘুরে দাঁড়ায় হায়দরাবাদ। টানা চার হারের পর টানা চার জয় তুলে নিয়ে তারা প্লে-অফ নিশ্চিত করে। শেষ পর্যন্ত ৮ ম্যাচে ৭ জয়ে দুর্দান্ত ছন্দ নিয়েই পৌঁছে যায় ফাইনালে।


লাহোরে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করে হায়দরাবাদ ২০ ওভারে ৫ উইকেটে তোলে ১৮৬ রান। জবাবে ইসলামাবাদ ১৮৪ রানেই থেমে যায়। ফলে ২ রানের জয় নিশ্চিত হয় হায়দরাবাদের।

শেষ দুই ওভারে ম্যাচের নাটকীয়তা চরমে পৌঁছে। জয়ের জন্য ইসলামাবাদের দরকার ছিল ২৮ রান। ১৯তম ওভারে ফাহিম আশরাফ ২২ রান তুলে ম্যাচে ফেরান দলকে। তবে শেষ ওভারে ৬ রানও তুলতে দেয়নি ২২ বছর বয়সী হুনাইন শাহ। মাত্র ৩ রান দিয়ে ১ উইকেট নিয়ে দলকে এনে দেন অবিশ্বাস্য জয়।
শেষ ওভারে চাপের মুখে ফাহিম আউট হলে ম্যাচ পুরোপুরি ঘুরে যায়। পরের বলগুলোতে ইমাদ ওয়াসিম ও গ্রিন কেবল সিঙ্গেল নিতে সক্ষম হন। এতে হায়দরাবাদের জয় নিশ্চিত হয়।
এর আগে ব্যাট হাতে হায়দরাবাদের হয়ে উসমান খান ৩০ বলে ৬১ রানের ঝড়ো ইনিংস খেলেন। এছাড়া লাবুশেন ৩৯, সাইম আইয়ুব ৩৮ এবং কুশল পেরেরা ৩৭ রান করেন। ইসলামাবাদের হয়ে ইমাদ ওয়াসিম নেন ২ উইকেট।
জবাবে ইসলামাবাদের মার্ক চাপম্যান ৪৩, হায়দার আলি ৩১ এবং ডেভন কনওয়ে ৩০ রান করে লড়াই জিইয়ে রাখেন।
ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন হাসান খানও। তার দারুণ ফিল্ডিংয়ে বাউন্ডারি বাঁচিয়ে চার রান রক্ষা পায়, যা শেষ পর্যন্ত ম্যাচের ব্যবধান গড়ে দেয়।
৩ মে রোববার ফাইনালে পেশোয়ার জালমির বিপক্ষে শিরোপার লড়াইয়ে নামবে হায়দরাবাদ কিংসমেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available