স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিংয়ে টেস্ট ক্যারিয়ারের নবম সেঞ্চুরি তুলে নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। চলমান সিরিজে এটি তার টানা উজ্জ্বলতার আরেকটি উদাহরণ। সর্বশেষ পাঁচ টেস্টের মধ্যে চারটিতেই সেঞ্চুরি করেছেন এই বাঁহাতি ব্যাটার।
৮ মে শুক্রবার মুহাম্মদ আব্বাসের বলে কাভার ড্রাইভে চার মেরে ১২৯ বলে শতক পূর্ণ করেন শান্ত। সেঞ্চুরির পর ব্যাট ও হেলমেট হাতে তার পরিচিত উদযাপনেও দেখা যায় উচ্ছ্বাস। তবে শতকের পর বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। পরের বলেই লেগ বিফোরের শিকার হয়ে ১০১ রানে বিদায় নেন বাংলাদেশ অধিনায়ক। তার ইনিংসে ছিল ১২টি চার ও ২টি ছক্কা।


এর আগে পাকিস্তানের বিপক্ষে টেস্টে কখনও ফিফটি করতে পারেননি শান্ত। এবার সেই আক্ষেপ ঘুচিয়ে ইনিংসটিকে বড় রূপ দেন তিনি।

বাংলাদেশ শুরুতে ৩১ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে গেলেও শান্ত ও মুমিনুল হক মিলে তৃতীয় উইকেটে গড়েন ১৭০ রানের দুর্দান্ত জুটি। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের তৃতীয় উইকেটে এটি সর্বোচ্চ রানের জুটি। এর আগে ২০০৩ সালে পেশোয়ারে মোহাম্মদ আশরাফুল ও জাভেদ ওমর করেছিলেন ১৩০ রান।
তৃতীয় উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ জুটিও শান্ত ও মুমিনুলের দখলে। ২০২১ সালে পাল্লেকেলেতে তারা যোগ করেছিলেন ২৪২ রান।
অন্যদিকে, মুমিনুল হকও দারুণ ধারাবাহিকতা ধরে রেখেছেন। এই ইনিংসে হাফসেঞ্চুরি পূর্ণ করার মাধ্যমে টানা চার ইনিংসে পঞ্চাশ ছাড়ালেন তিনি। আগের তিন ইনিংসে তার সংগ্রহ ছিল ৮২, ৬৩ ও ৮৭ রান। বাংলাদেশের সমর্থকেরা এবার তার ব্যাট থেকেও সেঞ্চুরির অপেক্ষায়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available