স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই ইতিহাস গড়ল স্বাগতিক যুক্তরাষ্ট্র। ক্যালিফোর্নিয়ার সোফি স্টেডিয়ামে দাপুটে পারফরম্যান্সে প্যারাগুয়েকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে টুর্নামেন্টে দুর্দান্ত সূচনা করেছে তারা।
লাল-সাদায় রাঙানো গ্যালারিতে ৭০ হাজারের বেশি দর্শকের সমর্থনে উজ্জীবিত যুক্তরাষ্ট্র শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয়। ফোলারিন বালোগুনের জোড়া গোল, জিওভান্নি রেইনার এক গোল এবং একটি আত্মঘাতী গোলের সুবাদে আসে বড় জয়।
এই জয়ের মাধ্যমে একাধিক রেকর্ড গড়েছে যুক্তরাষ্ট্র। বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো এক ম্যাচে চার গোল করেছে তারা। পাশাপাশি এটি বিশ্বকাপে মার্কিনদের সবচেয়ে বড় ব্যবধানের জয়। এর আগে কোনো বিশ্বকাপ ম্যাচে তিন গোলের বেশি করতে পারেনি দলটি।
ম্যাচের সপ্তম মিনিটে প্যারাগুয়ের মিডফিল্ডার দামিয়ান বোবাদিলার আত্মঘাতী গোলে এগিয়ে যায় যুক্তরাষ্ট্র। এরপর ৩১তম মিনিটে ব্যবধান বাড়ান বালোগুন। প্রথমার্ধের যোগ করা সময়ের পঞ্চম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন তিনি।
বিশ্বকাপে অভিষেক ম্যাচেই জোড়া গোল করে নজর কাড়েন ২৪ বছর বয়সী বালোগুন। ১৯৩০ সালের পর বিশ্বকাপের এক ম্যাচে একাধিক গোল করা প্রথম মার্কিন ফুটবলারও তিনি।
প্রথমার্ধে আক্রমণভাগে দুর্দান্ত ভূমিকা রাখেন দলের অন্যতম তারকা ক্রিস্টিয়ান পুলিসিচ। তার তৈরি আক্রমণ থেকেই আসে প্রথম গোল। তবে বিরতির পর তিনি মাঠে নামেননি। যদিও তাকে চোট পেয়েছেন কি না, সে বিষয়ে তাৎক্ষণিক কোনো তথ্য পাওয়া যায়নি।
দ্বিতীয়ার্ধে কিছুটা ছন্দ হারালেও ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে যুক্তরাষ্ট্র। শেষদিকে জিওভান্নি রেইনা বক্সের ভেতর থেকে চমৎকার ফিনিশিংয়ে দলের চতুর্থ গোলটি করেন। বিশ্বকাপে এটি ছিল তার প্রথম গোল।
১৯৯৪ সালের পর আবারও নিজেদের মাটিতে বিশ্বকাপ আয়োজন করছে যুক্তরাষ্ট্র। নতুন কোচ মরিসিও পচেত্তিনোর অধীনে দলটির আক্রমণাত্মক ও আত্মবিশ্বাসী পারফরম্যান্স শিরোপার লড়াইয়ে তাদের সম্ভাবনার ইঙ্গিত দিয়েছে।
বিশ্বকাপ মিশনের শুরুতেই ইতিহাস গড়ে আত্মবিশ্বাসী এক জয় তুলে নিল স্বাগতিকরা।
সূত্র: ইএসপিএন এফসি
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available