• ঢাকা
  • |
  • রবিবার ৩১শে জ্যৈষ্ঠ ১৪৩৩ সকাল ১০:৫৪:৫৫ (14-Jun-2026)
  • - ৩৩° সে:

ড্র দিয়েই বিশ্বকাপ শুরু হলো ব্রাজিলের

১৪ জুন ২০২৬ সকাল ০৭:৪৬:১৭

ড্র দিয়েই বিশ্বকাপ শুরু হলো ব্রাজিলের

স্পোর্টস ডেস্ক: ২০২৬ ফুটবল বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই জয়বঞ্চিত হলো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘সি’ গ্রুপের ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করেছে সেলেসাওরা।

নেইমারকে ছাড়াই মাঠে নামা ব্রাজিল ম্যাচের শুরুতে ছন্দ খুঁজে পেতে হিমশিম খায়। বিপরীতে মরক্কো শুরু থেকেই সংগঠিত ফুটবল উপহার দেয় এবং একাধিক আক্রমণে ব্রাজিলের রক্ষণকে ব্যস্ত রাখে।

ম্যাচের ২১তম মিনিটে এগিয়ে যায় আফ্রিকার প্রতিনিধিরা। ব্রাহিম দিয়াজের দারুণ পাস থেকে গোল করেন মরক্কোর ফরোয়ার্ড ইসমাইল সাইবারি। ব্রাজিলের রক্ষণকে ফাঁকি দিয়ে জালে বল জড়িয়ে দলকে লিড এনে দেন তিনি।

গোল হজমের পর ঘুরে দাঁড়াতে বেশি সময় নেয়নি ব্রাজিল। ৩২তম মিনিটে ব্যক্তিগত নৈপুণ্যে সমতায় ফেরান ভিনিসিয়ুস জুনিয়র। বাম দিক থেকে বল নিয়ে প্রতিপক্ষ ডিফেন্ডারকে কাটিয়ে শক্তিশালী শটে গোল করেন রিয়াল মাদ্রিদ তারকা। তার গোলে ১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধ।

বিরতির পর দুই দলই কয়েকটি সুযোগ তৈরি করলেও আর কোনো গোল আদায় করতে পারেনি। দ্বিতীয়ার্ধে ব্রাজিল বলের দখল ও আক্রমণে কিছুটা এগিয়ে থাকলেও মরক্কোর রক্ষণ এবং গোলরক্ষক ইয়াসিন বুনো দৃঢ়তা দেখান। অন্যদিকে মরক্কোও পাল্টা আক্রমণে হুমকি সৃষ্টি করে।

শেষ পর্যন্ত নির্ধারিত সময় ও যোগ করা সময় পেরিয়েও আর কোনো গোল না হলে ১-১ সমতার ফল নিয়েই মাঠ ছাড়ে দুই দল। ফলে বিশ্বকাপ অভিযানের শুরুতেই পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে কার্লো আনচেলত্তির ব্রাজিলকে।

সূত্র: দ্য গার্ডিয়ান, বার্সা ব্লাউগ্রানেস

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us