• ঢাকা
  • |
  • সোমবার ৭ই আষাঢ় ১৪৩৩ ভোর ০৪:০৬:৫০ (22-Jun-2026)
  • - ৩৩° সে:
যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৫

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের প্রতিরোধ সংগঠন হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি কার্যকরের মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই দেশটিতে আবারও বিমান ও ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। ২০ জুন শনিবার এই হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (লেবানন) জানিয়েছে, শুক্রবার রাতভর এবং শনিবার সকাল পর্যন্ত নাবাতিহ অঞ্চলে ইসরায়েলি যুদ্ধবিমান ও ড্রোন হামলা চালানো হয়। এতে বেশ কয়েকটি আবাসিক ভবন ধ্বংস হয় এবং ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে। পাশাপাশি ভোরের দিকে নাবাতিহ ও আশপাশের এলাকায় গোলাবর্ষণও চালানো হয়।এর আগে শুক্রবার এক মার্কিন কর্মকর্তার বরাতে বার্তাসংস্থা রয়টার্স জানায়, ইসরায়েল ও হিজবুল্লাহ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে এবং স্থানীয় সময় শুক্রবার বিকেল থেকে তা কার্যকর হয়। তবে যুদ্ধবিরতি কার্যকরের অল্প সময়ের মধ্যেই নতুন করে হামলার ঘটনা ঘটল।হিজবুল্লাহ লেবাননের দক্ষিণাঞ্চলভিত্তিক একটি শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী, যা দীর্ঘদিন ধরে ইসরায়েলের সঙ্গে সংঘাতে জড়িত। ইরান-সমর্থিত এই সংগঠনটি ২০২৪ সালে ইসরায়েলের ব্যাপক সামরিক অভিযানে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়, যেখানে তাদের শীর্ষ নেতৃত্বের অনেকেই নিহত হন এবং সংগঠনের কমান্ড কাঠামো দুর্বল হয়ে পড়ে।২০২৫ সালের জুনে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই পক্ষের মধ্যে একটি যুদ্ধবিরতি হলেও তা বারবার লঙ্ঘিত হয়েছে বলে অভিযোগ রয়েছে। মাঝেমধ্যেই দক্ষিণ লেবাননে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী, যার জবাবে পাল্টা হামলার ঘটনাও ঘটেছে।