ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি আরও ৩ সপ্তাহ বাড়ানোর ঘোষণা ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েল ও লেবাননের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ আরও ৩ সপ্তাহ বাড়ানো হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২৩ এপ্রিল বৃহস্পতিবার হোয়াইট হাউসে উভয় দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর এ ঘোষণা দেন।হোয়াইট হাউসে অনুষ্ঠিত ওই বৈঠক শেষে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, দুই পক্ষই যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সম্মত হয়েছে। তিনি বলেন, ‘আমরা চমৎকার একটি বৈঠক করেছি। উভয় পক্ষই যুদ্ধবিরতি আরও ৩ সপ্তাহ বাড়াতে রাজি হয়েছে… কোনো গোলাগুলি নয়।’পরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি ৩ সপ্তাহের জন্য বাড়ানো হয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র লেবাননকে হিজবুল্লাহর বিরুদ্ধে নিজেদের নিরাপত্তা শক্তিশালী করতে সহায়তা করবে বলেও উল্লেখ করেন তিনি।১৯৮২ সালে প্রতিষ্ঠিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ লেবাননের রাজনীতিতে প্রভাবশালী একটি শক্তি হিসেবে পরিচিত। গোষ্ঠীটি দীর্ঘদিন ধরে ইসরায়েলবিরোধী অবস্থান নিয়ে আসছে এবং দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এর আগে গত ১৭ এপ্রিল যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি কার্যকর হয়। সেই অনুযায়ী আগামী ২৭ এপ্রিল যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। নতুন সিদ্ধান্তে তা আরও ৩ সপ্তাহ বাড়ানো হলো।২৩ এপ্রিল বৃহস্পতিবারের বৈঠকে যুক্তরাষ্ট্রের ইসরায়েল ও লেবাননবিষয়ক রাষ্ট্রদূত, ভাইস প্রেসিডেন্টসহ শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সূত্র: সিএনএন, এনবিসি