• ঢাকা
  • |
  • বুধবার ১২ই ফাল্গুন ১৪৩২ রাত ০২:৩৩:৩২ (25-Feb-2026)
  • - ৩৩° সে:
ভারতে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত, সাত আরোহীর সবার মৃত্যু

ভারতে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত, সাত আরোহীর সবার মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের ঝাড়খণ্ডে সাতজন আরোহী নিয়ে একটি এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়েছে। ২৩ ফ্রেব্রুয়ারি সোমবার ঝাড়খণ্ডের চাতরা জেলার সিমারিয়ার কাছে এ দুর্ঘটনা ঘটে। এ সময় বিমানে থাকা সাতজন আরোহীর সবাই নিহত হয়েছেন।রাজ্য সরকারের একজন শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, বিমানটি রাঁচি থেকে দিল্লি যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে।চাতরার ডেপুটি কমিশনার কীর্তিশ্রী জি. সংবাদ সংস্থা পিটিআই-কে বলেন, এয়ার অ্যাম্বুলেন্সে থাকা সাতজনই দুর্ঘটনায় মারা গেছেন। বিমানটি রাঁচি থেকে দিল্লির দিকে যাচ্ছিল।এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়, রেডবার্ড এয়ারওয়েজ প্রাইভেট লিমিটেড দ্বারা পরিচালিত এই বিমানটি সন্ধ্যা ৭টা ১১ মিনিটে রাঁচি বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিমানটি নিখোঁজ হয় এবং পরবর্তীতে সিমারিয়ার বাড়িয়াতু পঞ্চায়েত এলাকার একটি জঙ্গলে বিধ্বস্ত হয়।স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দুর্ঘটনার সময় ওই এলাকায় প্রচণ্ড বাতাস, ভারী বৃষ্টি ও বজ্রপাত হচ্ছিল। ঝোড়ো আবহাওয়ার মধ্যে বিকট শব্দে বিমানটি আছড়ে পড়ে।রাঁচি বিমানবন্দরের পরিচালক বিনোদ কুমার বলেন, উড্ডয়নের প্রায় ২০ মিনিট পর এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। প্রতিকূল আবহাওয়া দুর্ঘটনার একটি কারণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে পূর্ণাঙ্গ তদন্তের পরেই প্রকৃত কারণ জানা যাবে।