• ঢাকা
  • |
  • সোমবার ৯ই চৈত্র ১৪৩২ দুপুর ০২:১৮:৩৮ (23-Mar-2026)
  • - ৩৩° সে:
রাঙ্গুনিয়ায় ঘরে ঢুকে বিএনপি নেতাকে গুলি ও কুপিয়ে জখম

রাঙ্গুনিয়ায় ঘরে ঢুকে বিএনপি নেতাকে গুলি ও কুপিয়ে জখম

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নে ঘরে ঢুকে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ওসমান গনিকে (৪২) গুলি ও কুপিয়ে জখম করেছে মুখোশধারী দুর্বৃত্তরা। এসময় বাধা দিতে গেলে ওসমান গনির বৃদ্ধ বাবা-মাকেও পিটিয়ে ও গুলি করে আহত করা হয়।২২ মার্চ রোববার রাত আটটার পর সরফভাটা ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের গঞ্জম আলী সরকারের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে চার-পাঁচজন মুখোশধারী দুর্বৃত্ত হঠাৎ ওসমান গনির বাড়িতে ঢুকে পড়ে। তারা ওসমান গনিকে লক্ষ্য করে নির্বিচারে গুলি চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। এসময় ছেলেকে বাঁচাতে এগিয়ে এলে তার বৃদ্ধা মা আছিয়া বেগম ও বাবা রশিদ আহমদকেও ওপর হামলা চালায় দুর্বৃত্তরা।এসময় ওসমান গনি হাতে ও পেটে গুলিবিদ্ধ হয়েছেন। এছাড়া তার হাত ও পিঠে ধারালো অস্ত্রের গুরুতর জখম রয়েছে। মা আছিয়া বেগম পায়ে গুলিবিদ্ধ হয়েছেন। আর বাবা রশিদ আহমদ মাথায় আঘাত পেয়েছেন।ঘটনার পরপরই স্থানীয়রা তাদের উদ্ধার করে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। ওসমানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে দ্রুত তাকে চট্টগ্রাম নগরীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। তার মা-বাবা বর্তমানে শঙ্কামুক্ত বলে জানিয়েছেন স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা।এলাকাবাসী ও দলীয় সূত্রে জানা গেছে, ওসমানের পেটে লাগা গুলিটি অত্যন্ত গুরুতর। তার একটি হাত ধারালো অস্ত্রের আঘাতে এমনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যে চিকিৎসকরা সেটি কেটে ফেলার আশঙ্কা করছেন। তবে উন্নত চিকিৎসার মাধ্যমে হাতটি রক্ষার চেষ্টা চলছে। এছাড়া তার মেরুদণ্ডেও ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) বেলায়েত হোসেন ঘটনার বলেন, মুখোশ পরা চার-পাঁচজন দুর্বৃত্ত বিএনপি নেতার বাড়িতে হামলা করেছে। তিনি গুলিতে আহত হয়েছেন বলে আমরা শুনেছি। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গেছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।এদিকে হামলার খবর পেয়ে রাতেই উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ওসমান গনির বাড়িতে গিয়ে তার পরিবারের খোঁজখবর নেন এবং এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানান।