• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে বৈশাখ ১৪৩৩ রাত ০১:২২:৪৩ (08-May-2026)
  • - ৩৩° সে:
শাপলা চত্বর ঘটনায় নিহত ৫৮, প্রধান আসামি শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর

শাপলা চত্বর ঘটনায় নিহত ৫৮, প্রধান আসামি শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর

অনলাইন ডেস্ক: মতিঝিলের শাপলা চত্বর কেন্দ্রিক ২০১৩ সালের সহিংসতার ঘটনায় ৫৮ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। এ ঘটনায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করা হবে।৫ মে মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।প্রসিকিউটর জানান, ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশ ঘিরে ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম ও কুমিল্লায় সহিংসতায় মোট ৫৮ জন নিহত হন। এর মধ্যে ঢাকায় ৩২ জন, নারায়ণগঞ্জে ২০ জন, চট্টগ্রামে ৫ জন এবং কুমিল্লায় ১ জনের মৃত্যুর তথ্য ও পরিচয় শনাক্ত করা হয়েছে। সেসময় ঢাকায় দিন ও রাতে হত্যাকাণ্ড সংঘটিত হয় এবং পরদিন নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে সহিংসতা ছড়িয়ে পড়ে।তদন্তের অগ্রগতি সম্পর্কে আমিনুল ইসলাম বলেন, মামলার প্রায় ৯০ শতাংশ তদন্ত কাজ সম্পন্ন হয়েছে এবং আগামী ৭ জুনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে।তিনি আরও জানান, এসব হত্যাকাণ্ডে শেখ হাসিনাসহ অন্তত ৩০ জনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের নাম আসবে কি না এ বিষয়ে তিনি বলেন, তদন্তের স্বার্থে এখনই আসামিদের নাম প্রকাশ করা হচ্ছে না। তবে ঘটনার সময় তিনি মিশনে ছিলেন বলে তথ্য পাওয়া গেছে .এবং তার সম্পৃক্ততা নিয়েও তদন্ত চলবে।