সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন
ডেস্ক রিপোর্ট: সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান হারুন-অর-রশিদের জানাজা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়েছে।সময় টিভির প্রতিবেদন থেকে জানা যায়, আজ ১৯ জুন শুক্রবার বেলা সাড়ে ১০টায় অনুষ্ঠিত জানাজায় জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং অসংখ্য গুণগ্রাহী অংশ নেন।জানাজা শেষে মরহুমের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। প্রথমে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তার সামরিক সচিব মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে স্পিকার ও ডেপুটি স্পিকার এবং এরপর বিএনপির পক্ষ থেকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শ্রদ্ধা নিবেদন করেন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও এ সময় শেষ শ্রদ্ধা জানান।এর আগে ১৮ জুন বৃহস্পতিবার রাত ৯টার দিকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হারুন অর রশিদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।তিনি ব্রাহ্মণবাড়িয়া-৩ আসন থেকে পাঁচবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সভাপতি ছিলেন।পারিবারিক সূত্র জানায়, শনিবার বাদ জোহর ব্রাহ্মণবাড়িয়ায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।