পিছিয়ে পড়েও জার্মানির জয়, নিশ্চিত দ্বিতীয় রাউন্ড
স্পোর্টস ডেস্ক: প্রথমার্ধে পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়েছে জার্মানি। টরন্টোতে এই জয়ে টানা দুই ম্যাচে দ্বিতীয় জয় তুলে নিয়ে ২০২৬ বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘ই’-এর শীর্ষে রয়েছে জার্মানি। সমান ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আইভরি কোস্ট।ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেললেও প্রথম ধাক্কাটা খায় জার্মানি। ৩০তম মিনিটে দ্রুতগতির এক আক্রমণ থেকে ফ্রাঙ্ক কেসির গোলে এগিয়ে যায় আইভরি কোস্ট। গোলের পর প্রথমার্ধের বাকি সময়েও আফ্রিকান দলটি জার্মানদের চাপে রাখে।তবে বিরতির আগেই সমতায় ফেরার সুযোগ তৈরি করেছিল জার্মানি। প্রথমার্ধে তারা দুবার বল জালে পাঠালেও দুটি গোলই বাতিল হয়। একটি গোল ভিএআরে ফাউলের কারণে বাতিল হয়, অন্যটি অফসাইডের জন্য গণ্য হয়নি। ফলে ১-০ ব্যবধানে পিছিয়ে থেকেই বিরতিতে যেতে হয় জুলিয়ান নাগেলসমানের দলকে।দ্বিতীয়ার্ধে ম্যাচের চিত্র বদলে যায়। ৬০ মিনিটের পর বদলি হিসেবে নামেন ডেনিজ উন্দাভ, আর তাতেই বদলে যায় জার্মানির আক্রমণের ধার। ৬৮তম মিনিটে নাদিয়েম আমিরির ক্রস থেকে দারুণ ভলিতে সমতা ফেরান এই ফরোয়ার্ড।সমতায় ফেরার পর জয়ের জন্য মরিয়া হয়ে ওঠে জার্মানি। নির্ধারিত সময়ের একেবারে শেষ দিকে আইভরি কোস্টের রক্ষণে ভুলের সুযোগ কাজে লাগিয়ে আবারও গোল করেন উন্দাভ। তার জোড়া গোলেই ২-১ ব্যবধানে নাটকীয় জয় নিয়ে মাঠ ছাড়ে জার্মানি।এই জয়ে গ্রুপপর্বের এক ম্যাচ বাকি থাকতেই নকআউট নিশ্চিত করল জার্মানরা। আর আইভরি কোস্টের জন্য শেষ ম্যাচটি হয়ে উঠেছে বাঁচা-মরার লড়াই।সূত্র: রয়টার্স