• ঢাকা
  • |
  • শুক্রবার ১লা জ্যৈষ্ঠ ১৪৩৩ বিকাল ০৩:০৩:৫৮ (15-May-2026)
  • - ৩৩° সে:
জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক সই

জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক সই

ডেস্ক রিপোর্ট: জ্বালানি খাতে কৌশলগত সহযোগিতা জোরদারের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে বাংলাদেশ। ১৪ মে বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের জ্বালানি দপ্তরে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং যুক্তরাষ্ট্রের পক্ষে জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট এ চুক্তিতে স্বাক্ষর করেন।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জ্বালানির উৎস বৈচিত্র্যকরণ, সাশ্রয়ী সরবরাহব্যবস্থা এবং টেকসই জ্বালানি ব্যবস্থাপনা গড়ে তুলতে এই সমঝোতা স্মারক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে দুই দেশের মধ্যে জ্বালানি খাতে সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচিত হবে।চুক্তির আওতায় তেল, গ্যাস, ভূ-তাপীয় ও জৈবশক্তি খাতে সক্ষমতা বৃদ্ধি, জ্ঞান ও প্রযুক্তি বিনিময় এবং গবেষণা কার্যক্রম জোরদার করা হবে। পাশাপাশি যুক্তরাষ্ট্র থেকে এলএনজি, এলপিজি এবং অন্যান্য জ্বালানি পণ্য আমদানির ক্ষেত্রে সহযোগিতা আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এই সমঝোতা স্মারককে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে উল্লেখ করেন। তিনি এ উদ্যোগে সমর্থনের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের প্রতি কৃতজ্ঞতা জানান।যুক্তরাষ্ট্রের জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট বলেন, এই সমঝোতা স্মারক দুই দেশের জ্বালানি সহযোগিতাকে আরও সুদৃঢ় করবে এবং পারস্পরিক অংশীদারিত্বে নতুন মাত্রা যোগ করবে।মধ্যপ্রাচ্যে চলমান ভূরাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে বৈশ্বিক জ্বালানি সরবরাহ পরিস্থিতি অনিশ্চিত থাকায় এই চুক্তিকে সময়োপযোগী উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।