• ঢাকা
  • |
  • সোমবার ৮ই চৈত্র ১৪৩২ রাত ১২:৫১:৩১ (23-Mar-2026)
  • - ৩৩° সে:
হাদি হত্যা মামলার আসামিদের দেশে ফেরাতে যোগাযোগ চলছে: ডিবিপ্রধান

হাদি হত্যা মামলার আসামিদের দেশে ফেরাতে যোগাযোগ চলছে: ডিবিপ্রধান

নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ভারতে গ্রেপ্তার আসামিদের দেশে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) যৌথভাবে যোগাযোগ করছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম।২২ মার্চ রোববার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, বর্তমানে মামলাটি সিআইডি তদন্ত করছে এবং আসামিদের দেশে ফেরানোর বিষয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া চলছে।গত ৮ মার্চ বাংলাদেশ সীমান্তবর্তী পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ এলাকা থেকে হাদি হত্যা মামলার প্রধান দুই আসামি ফয়সাল ও আলমগীরকে গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্ক ফোর্স (এসটিএফ)। রিমান্ড শেষে রোববার তাদের বিধাননগর মহকুমা আদালতে হাজির করা হয়।এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফয়সাল নিজের সম্পৃক্ততা অস্বীকার করে দাবি করেন, তিনি এ হত্যাকাণ্ডে জড়িত নন। একই সঙ্গে তিনি ঘটনাটিকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে উল্লেখ করেন।উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট রোডে রিকশায় থাকা অবস্থায় সশস্ত্র হামলায় গুলিবিদ্ধ হন শরিফ ওসমান হাদি। পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলে ১৮ ডিসেম্বর সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।