জামালপুরে স্কুল ছাত্রীকে ধর্ষণের দায়ে তিনজনের মৃত্যুদণ্ড
জামালপুর প্রতিনিধি: জামালপুরে নবম শ্রেণির স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনায় তিন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে মামলার প্রধান আসামিকে খালাস দিয়েছেন আদালত।৭ মে বৃহস্পতিবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় দেন।সেই সঙ্গে প্রত্যেক আসামিকে ২ লাখ টাকা করে জরিমানা করা হয়।মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- মামলার ২ নম্বর আসামি শিপন মিয়া, ৩ নম্বর আসামি ইব্রাহিম মোল্লা ও ৪ নম্বর আসামি ইউসুফ আলী। তারা তিনজনই ইসলামপুর উপজেলার বেলগাছা ইউনিয়নের শিলদহ গ্রামের বাসিন্দা।রাষ্ট্রপক্ষের আইনজীবী (পি.পি) মো. ফজলুল হক জানান, ২০২৪ সালের ১৯ এপ্রিল রাতে ইসলামপুর উপজেলার শিলদহ গ্রামের নবম শ্রেণির এক ছাত্রীকে স্থানীয় একটি পতিত জমিতে নিয়ে ধর্ষণ করা হয়। এঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে ওই গ্রামের ৪ যুবককে আসামি করে একটি মামলা দায়ের করেন।ওই মামলায় ৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বৃহস্পতিবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল -১ এর বিচারক আবদুর রহিম মামলার প্রধান আসামি সাদিক মিয়াকে খালাস দিয়ে বাকি তিন আসামিকে মৃত্যুদণ্ড প্রদান করেন।