• ঢাকা
  • |
  • বুধবার ২৭শে জ্যৈষ্ঠ ১৪৩৩ রাত ০৯:১৯:০৩ (10-Jun-2026)
  • - ৩৩° সে:
শুটিং চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন নির্মাতা অমি

শুটিং চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন নির্মাতা অমি

বিনোদন ডেস্ক: জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমি ব্যাচেলর পয়েন্ট নাটকের শুটিং চলাকালে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। গলায় সমস্যা দেখা দেওয়ায় তিনি কথা বলতে পারছেন না। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে গলায় একটি সিস্ট ধরা পড়ে বলে জানা গেছে।৯ জুন মঙ্গলবার তিনি নিজ ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানান। বর্তমানে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি ৭ দিনের সম্পূর্ণ বিশ্রামে আছেন এবং এ সময়ে কথা বলা একেবারেই নিষিদ্ধ করা হয়েছে।শুটিং চলাকালে হঠাৎ গলায় তীব্র অস্বস্তি অনুভব করেন অমি। ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘হঠাৎ আমার গলায় তীব্র অস্বস্তি অনুভব করি। আমার গলার স্বর ক্ষীণ হয়ে আসে এবং আমি ঠিকমতো কথা বলতে পারছিলাম না।’পরিস্থিতি গুরুতর হওয়ায় শুটিং বন্ধ করে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর গলায় সিস্ট ধরা পড়ে বলে জানান তিনি। চিকিৎসকরা আপাতত সম্পূর্ণ বিশ্রাম ও কথা না বলার পরামর্শ দিয়েছেন। অবস্থার উন্নতি না হলে অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে বলেও জানিয়েছেন চিকিৎসকরা।তিনি আরও লেখেন, ‘আমি একজন কর্মঠ মানুষ। প্রতি মাসে আমরা আপনাদের জন্য ৮টি পর্ব প্রকাশ করি। আশা করি আমি এটা চালিয়ে যেতে পারবো। আমার শুধু আপনাদের দোয়া প্রয়োজন।’তার অসুস্থতার খবরে সহকর্মী ও ভক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত সুস্থতা কামনা করছেন।উল্লেখ্য, ব্যাচেলর পয়েন্ট নাটকের কাজ চলাকালীনই এই স্বাস্থ্য জটিলতার মুখে পড়েন তিনি।