• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০১:৪৭:৪৬ (06-Feb-2026)
  • - ৩৩° সে:
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫

ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারণাকালে একটি গাড়িকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন।৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে টেকনাফ উপজেলার ২৫ নম্বর আলীখালী রোহিঙ্গা ক্যাম্পের ব্লক এ/৪ (পুরাতন ব্লক ডি/৬) এলাকায় এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে একটি ডাম্পার গাড়িতে গান-বাজনা ও নাচের আয়োজন চলছিল। এ সময় উৎসুক লোকজন গাড়িটির আশপাশে জড়ো হলে হঠাৎ পাশ থেকে অজ্ঞাতনামা একদল ব্যক্তি গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই পাঁচজন গুলিবিদ্ধ হন।আহতদের দ্রুত উদ্ধার করে প্রথমে আলীখালী আইআরসি হাসপাতালে নেওয়া হয়। পরে তাদের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেন।ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আলীখালী রোহিঙ্গা ক্যাম্প এলাকায় গুলির ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। হামলাকারীদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে।এদিকে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক মোহাম্মদ কাউছার সিকদার জানান, বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের একটি প্রচার ট্রাক ওই এলাকা দিয়ে যাওয়ার সময় জনসমাগম সৃষ্টি হয়। এ সময় দুর্বৃত্তরা হঠাৎ জনতার ওপর গুলি চালায়। তবে কারা এ হামলা চালিয়েছে, তা এখনও জানা যায়নি।