বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হচ্ছেন বিজেপি নেতা
আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা দিনেশ ত্রিবেদীকে নিয়োগ দেওয়া হতে পারে। তিনি বর্তমান হাইকমিশনার প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হবেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।প্রতিবেদন অনুযায়ী, পশ্চিমবঙ্গের ভোটপর্ব শেষ হওয়ার পরই তাকে ঢাকায় পাঠানোর সরকারি প্রক্রিয়া শুরু হতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্তের আগে বাংলাদেশ সরকারের কাছ থেকে আনুষ্ঠানিক সম্মতি (এগ্রিমো) নেওয়া হবে।হিন্দুস্তান টাইমস আরও জানিয়েছে, বর্তমান হাইকমিশনার প্রণয় ভার্মাকে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।প্রতিবেদনে বলা হয়, সাধারণত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ক্যারিয়ার কূটনীতিকরাই গুরুত্বপূর্ণ পদে নিয়োগ পান। তবে এবার রাজনৈতিক ব্যক্তিত্বকে এই পদে পাঠানোর সিদ্ধান্তকে নীতিগত পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।দিনেশ ত্রিবেদী পূর্বে ইউপিএ সরকারের সময় রেলমন্ত্রী এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২১ সালে তিনি তৃণমূল কংগ্রেস ছাড়েন এবং পরে বিজেপিতে যোগ দেন।বিশ্লেষকদের মতে, গুরুত্বপূর্ণ দেশগুলোতে রাজনৈতিক ব্যক্তিদের কূটনৈতিক দায়িত্ব দেওয়ার মাধ্যমে ভারতের পররাষ্ট্রনীতি আরও ভিন্ন ধারায় এগোচ্ছে।ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করাই এই নিয়োগের লক্ষ্য বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।