শপিংমল ও দোকানপাট বন্ধ নিয়ে নতুন সিদ্ধান্ত
নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে বৈশ্বিক জ্বালানি সংকটকে কেন্দ্র করে সরকার দেশের শপিংমল ও দোকানপাট বন্ধের সময় সীমা পরিবর্তন করেছে। এবার থেকে সন্ধ্যা ৬টার পরিবর্তে সন্ধ্যা ৭টা পর্যন্ত দোকান খোলা রাখতে পারবে মালিকরা, যা আগের তুলনায় এক ঘণ্টা বেশি।৫ এপ্রিল রোববার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানান, দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি এবং ব্যবসায়ীদের জীবনজীবিকার কথা বিবেচনা করেই সময়সীমা পুনঃনির্ধারণ করা হয়েছে।প্রতিমন্ত্রী বলেন, এপ্রিল মাসের জ্বালানি তেলের চাহিদা মেটানোর জন্য প্রয়োজনীয় মজুত রয়েছে। প্রায় তিন মাসের পেট্রোল ও অকটেন সংরক্ষণ করা হচ্ছে। এছাড়া রাশিয়া থেকে তেল আমদানি করার জন্য যুক্তরাষ্ট্র ইতিবাচক মনোভাব দেখাচ্ছে।তিনি জানান, দেশের বিভিন্ন স্থানে ইতোমধ্যেই চার লাখ লিটার তেল উদ্ধার করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশ দিয়েছেন, যাতে দোকানপাট বন্ধের সময় পরিবর্তন করে ব্যবসায়ীদের সুবিধা দেওয়া যায়। এছাড়া কৃষকদের তেল পেতে কোনো সমস্যা হলে তাৎক্ষণিক সমাধানের নির্দেশ জেলা প্রশাসকদের দেওয়া হয়েছে।এর আগে ২ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার মধ্যে সব দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল মন্ত্রিসভা। তবে ব্যবসায়ী নেতাদের অনুরোধে ও বাস্তবতাকে বিবেচনা করে সরকার মধ্যপন্থা অবলম্বন করে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলার অনুমতি দিয়েছে।বাজার খোলার সময় সংক্রান্ত ব্যবসায়ী নেতাদের প্রস্তাব ছিল, তারা সকাল ৯টার পরিবর্তে বেলা ১১টায় দোকান খোলার পছন্দ করছেন এবং রাত ৮টা পর্যন্ত কেনাকাটা চলার সুযোগ চাইছিলেন। সরকারের মধ্যপন্থী সিদ্ধান্তে সন্ধ্যা ৭টা পর্যন্ত ব্যবসা চালানো যাবে।