ঈদযাত্রা উপলক্ষে ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় উচ্চপর্যায়ের পরিদর্শন
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন রাখতে ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর থানাধীন চন্দ্রা এলাকায় উচ্চপর্যায়ের পরিদর্শন অনুষ্ঠিত হয়েছে।১৮ মার্চ বুধবার দুপুরে এ পরিদর্শনে অংশ নেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, “ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। যাত্রীদের ভোগান্তি কমাতে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে।”গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান বলেন, “ঢাকা–টাঙ্গাইল মহাসড়ক দেশের অন্যতম গুরুত্বপূর্ণ রুট। ঈদকে সামনে রেখে যানজট নিরসন ও যাত্রীসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেন, “মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছি।”গাজীপুর জেলার পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন বলেন, “যানজট নিয়ন্ত্রণ, দুর্ঘটনা প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।”নাওজোড় হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সওগাতুল আলম জানান, “চন্দ্রা এলাকায় যান চলাচল স্বাভাবিক রাখতে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।”পরিদর্শনকালে তারা চন্দ্রা ত্রিমোড় থেকে নন্দন-স্কয়ার পর্যন্ত মহাসড়কের সার্বিক অবস্থা, যানবাহনের চাপ এবং চলাচলের বর্তমান পরিস্থিতি সরেজমিনে পর্যালোচনা করেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়, যাতে ঈদযাত্রায় কোনো ধরনের ভোগান্তি না হয়।উপস্থিত কর্মকর্তারা জানান, ঈদকে সামনে রেখে মহাসড়কে যানজট নিরসনে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।