• ঢাকা
  • |
  • শুক্রবার ২৫শে বৈশাখ ১৪৩৩ দুপুর ০১:০৩:৩৭ (08-May-2026)
  • - ৩৩° সে:
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী আজ

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী আজ

ডেস্ক রিপোর্ট: আজ ২৫ বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী। ১২৬৮ বঙ্গাব্দের এই দিনে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেন বাংলা ভাষা ও সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ এই সাহিত্যিক। কবিতা, গান, গল্প, উপন্যাস, নাটক ও প্রবন্ধের অসামান্য সৃষ্টির মাধ্যমে তিনি বাংলা সাহিত্য ও সংস্কৃতিকে বিশ্বদরবারে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছেন।রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা ছিলেন ব্রাহ্মধর্মের অন্যতম নেতা দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মা সারদাসুন্দরী দেবী। মাত্র আট বছর বয়সে কবিতা লেখা শুরু করেন তিনি। পরবর্তীতে ১৮৯১ সাল থেকে নদীয়া, পাবনা, রাজশাহী ও ওড়িশায় পারিবারিক জমিদারি তদারকির দায়িত্ব পালন করেন। এ সময় কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়িতে দীর্ঘ সময় কাটান কবি।১৯০১ সালে তিনি সপরিবারে শান্তিনিকেতনে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। জীবদ্দশা ও মৃত্যুর পর প্রকাশিত তাঁর সাহিত্যকর্মের মধ্যে রয়েছে ৫২টি কাব্যগ্রন্থ, ৩৮টি নাটক, ১৩টি উপন্যাস, ৩৬টি প্রবন্ধগ্রন্থসহ অসংখ্য গান ও গদ্য রচনা।বাংলা সাহিত্যের নানা চরিত্র ও মানবিক অনুভূতির গভীর প্রকাশ ঘটেছে তাঁর সৃষ্টিতে। ‘চারুলতা’, ‘বিনোদিনী’ কিংবা ‘গোরা’র মতো চরিত্র আজও পাঠকের মননে জীবন্ত। স্বদেশপ্রেম, মানবতা, সমাজচেতনা ও আত্মপরিচয়ের প্রশ্ন তাঁর সাহিত্যকে করেছে কালজয়ী।সাহিত্যে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে ১৯১৩ সালে নোবেল পুরস্কারে ভূষিত হন রবীন্দ্রনাথ ঠাকুর। তিনিই প্রথম বাঙালি এবং প্রথম এশীয় হিসেবে সাহিত্যে নোবেল লাভ করেন।বিশ্বকবির জন্মজয়ন্তী উপলক্ষে আজ দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। বাংলাদেশ টেলিভিশনেও থাকছে বিশেষ অনুষ্ঠানমালা। সকাল ৯টায় প্রচারিত হবে শিশুতোষ অনুষ্ঠান, সকাল ১০টা ৫ মিনিটে রবীন্দ্রসংগীতের অনুষ্ঠান ‘গীতবিতান’। সন্ধ্যা ৬টায় থাকবে বিশেষ কবিতা আবৃত্তি অনুষ্ঠান।এছাড়া রাত ৯টায় প্রচারিত হবে রবীন্দ্রনাথের গল্প অবলম্বনে নাটক ‘সম্পত্তি সমর্পণ’। রাত ১০টায় সংবাদের পর সম্প্রচারিত হবে বিশেষ রবীন্দ্রসংগীতের অনুষ্ঠান, যেখানে কবির বিভিন্ন পর্যায়ের জনপ্রিয় নয়টি গান পরিবেশন করবেন দেশের বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পীরা। রাত ১১টায় প্রচারিত হবে নৃত্যনাট্য ‘চিত্রাঙ্গদা’।