• ঢাকা
  • |
  • শুক্রবার ১১ই বৈশাখ ১৪৩৩ সন্ধ্যা ০৬:৫৬:৩১ (24-Apr-2026)
  • - ৩৩° সে:
নোয়াখালীতে ১৮ কেজি শিয়ালের মাংস উদ্ধার

নোয়াখালীতে ১৮ কেজি শিয়ালের মাংস উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নে বন বিভাগ ও প্রাণী অধিকারকর্মীদের যৌথ অভিযানে একটি জবাই করা শিয়াল ও ১৮ কেজি শিয়ালের মাংস উদ্ধার করা হয়েছে। এসময় শফিকুর রহমান (৩২) নামে একজনকে আটক করা হয়।২৩ এপ্রিল বৃহস্পতিবার রাতে ইসলামগঞ্জ বাজারে এ অভিযান চালায় উপকূলীয় বন বিভাগের বন্য প্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ বিভাগ এবং অ্যানিমেল রাইটস বিডি-৬৪।আটক শফিকুর রহমান উপজেলার ইসলামগঞ্জ হাজিবাড়ির বাসিন্দা।উপকূলীয় বন বিভাগ সূত্রে জানা যায়, ইসলামগঞ্জ বাজারে শিয়াল জবাই করে এনে শিয়ালের মাথা সামনে রেখে মাংস বিক্রি করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে এ তথ্য পেয়ে ওই বাজারে অভিযান চালানো হয়। এ সময় বাজারে শিয়ালের মাংস বিক্রি করা অবস্থায় শফিকুরকে আটক করা হয়। তার কাছ থেকে মুচলেকা নিয়ে ভবিষ্যতে এমন কাজ করবেন না মর্মে তাকে ছেড়ে দেওয়া হয়।উপকূলীয় বন বিভাগের বন্য প্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা ইব্রাহিম খলিল জানান, উদ্ধার করা শিয়ালের মাংস মাটিচাপা দেওয়া হয়েছে। বাংলাদেশের বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০২৬ অনুযায়ী কোনো বন্য প্রাণী হত্যা, শিকার, ক্রয়-বিক্রয় বা দখলে রাখা দণ্ডনীয় অপরাধ। বন্যপ্রাণী সংরক্ষণে এ ধরনের অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।তিনি আরও বলেন, শিয়াল প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই এই প্রাণীসহ সব বন্য প্রাণী সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।