• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৯শে চৈত্র ১৪৩২ দুপুর ০১:২১:৩৪ (02-Apr-2026)
  • - ৩৩° সে:
ইডেন ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে গায়ক জাহিদ অন্তু কারাগারে

ইডেন ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে গায়ক জাহিদ অন্তু কারাগারে

বিনোদন ডেস্ক: রাজধানীর ইডেন কলেজের এক ছাত্রীকে যৌন নিপীড়নের মামলায় তরুণ গায়ক আবু জাহিদকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। তিনি মূলত জাহিদ অন্তু নামে পরিচিত।মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাত ১ এপ্রিল বুধবার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।গুলশান থানার এসআই কে এম রাশিদুর রহমান আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী জামিনের আবেদন করেন। আদালত জামিন শুনানির জন্য ২ এপ্রিল বৃহস্পতিবার দিন ধার্য করেছেন বলে প্রসিকিউশন বিভাগের এসআই তাহমিনা আক্তার জানান।এর আগে বুধবার সকালে গুলশান এভিনিউ এলাকা থেকে পুলিশ জাহিদ অন্তুকে গ্রেফতার করে। অভিযোগে বলা হয়েছে, গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গিটার ক্লাস চলাকালে জাহিদের সঙ্গে ওই ছাত্রীর পরিচয় হয় এবং পরে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। তবে পরবর্তীতে সম্পর্ক ভেঙে যায় এবং তাদের যোগাযোগ বন্ধ হয়ে যায়।মামলার বিবরণ অনুযায়ী, ২৭ মার্চ সন্ধ্যা ৬টার দিকে জাহিদ ওই ছাত্রীর সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে একটি পণ্যের ফটোশুটের কথা বলে তাকে বাসায় যেতে বলেন। এরপর ৩১ মার্চ সন্ধ্যায় গুলশানে জাহিদের বাসায় গেলে, তার ইচ্ছার বিরুদ্ধে শরীরের স্পর্শকাতর অংশে হাত দেওয়া হয় এবং বাধা দিলে তাকে মারধর করা হয়। এতে তার মুখ, গলা ও মাথায় আঘাত লাগে। পরে ওই ছাত্রী কৌশলে বাসা থেকে বের হয়ে স্বজনদের সহায়তায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন।