তরুণদের মাদকমুক্ত রাখতে সমন্বিত প্রতিরোধের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর
ডেস্ক রিপোর্ট: তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞান ভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি।২১ জুন রোববার মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষ্যে রাজধানীর তেজগাঁওয়ে আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (আউস্ট) আয়োজনে এবং ঢাকা আহ্ছানিয়া মিশন ও ইন্টারন্যাশনাল সোসাইটি অব সাবসটেন্স ইউজ প্রোফেশনালস (আইস্যাপ) বাংলাদেশ চ্যাপ্টারের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. এম. এইচ. খান মিলনায়তনে “তরুণদের মাদক প্রতিরোধে প্রমাণ ভিত্তিক উদ্যোগ" শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।এসময় মন্ত্রী বলেন, দেশ মাদকমুক্ত করতে আমাদের সবাই মিলে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। তবেই আমরা একটি সুন্দর সমাজ তথা মানবিক বাংলাদেশ গড়ে তুলতে পারব।তিনি আরও বলেন, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা এডুকেশনের পাশাপাশি স্কিল, টুলস, বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে যুবসমাজকে দক্ষ করে তুলতে বিভিন্ন উদ্যোগ নিয়েছি। দারিদ্র্যতা দূরীকরণে এ বাজেটে সর্বোচ্চ বরাদ্দ দেয়া হয়েছে, স্বাস্থ্যসেবার মান উন্নয়নেও গুরুত্ব দেয়া হয়েছে।সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য সেক্টরের পরিচালক এবং আইস্যাপ বাংলাদেশ চ্যাপ্টারের জেনারেল সেক্রেটারি ইকবাল মাসুদ। তিনি জাতিসংঘের আন্তর্জাতিক মানদ-, ওভিয়াডো ঘোষণা এবং আচরণ পরিবর্তনের বিজ্ঞান ভিত্তিক মডেলের আলোকে কর্মক্ষেত্র ও বিদ্যালয় ভিত্তিক প্রতিরোধের গুরুত্ব তুলে ধরেন।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মো. হাসান মারুফ এবং আইস্যাপ বাংলাদেশ চ্যাপ্টারের চেয়ারম্যান ডা. এম এ মোহিত কামাল। সেমিনারে সভাপতিত্ব করেন আউস্ট-এর উপাচার্য প্রফেসর ড. মো. আশরাফুল হক।