• ঢাকা
  • |
  • রবিবার ১৪ই আষাঢ় ১৪৩৩ রাত ০৯:৫৪:৫০ (28-Jun-2026)
  • - ৩৩° সে:
টাঙ্গাইল মহাসড়কে পিকআপের ধাক্কায় স্কুলছাত্রী নিহত

টাঙ্গাইল মহাসড়কে পিকআপের ধাক্কায় স্কুলছাত্রী নিহত

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কে পিকআপের ধাক্কায় সাদিয়া জান্নাত (১৭) নামে এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।২৮ জুন রোববার সকালে ধনবাড়ী উপজেলার নিজবর্নী এলাকার পুরাতন থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহত সাদিয়া জান্নাত উপজেলার নিজবর্নী (বকলবাড়ী) গ্রামের মো. সাইদ বকলের মেয়ে। তিনি ধনবাড়ী শাহীন ক্যাডেট স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সকালে সাদিয়া রাস্তা পার হওয়ার সময় জামালপুর থেকে ঢাকাগামী একটি পিকআপ তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি পিকআপটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর চালক গাড়ি রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।খবর পেয়ে ধনবাড়ী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।এ দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে ঘটনাস্থলের পরিবেশ ভারী হয়ে ওঠে। স্থানীয়দের ভাষ্য, সাদিয়া শান্ত, ভদ্র ও মেধাবী শিক্ষার্থী ছিলেন। তার অকাল মৃত্যুতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ পুরো এলাকায় শোকের মাতম বিরাজ করছে।ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুস সালাম সিদ্দিক বলেন, সকালে রাস্তা পার হওয়ার সময় একটি পিকআপের ধাক্কায় ওই শিক্ষার্থীর মৃত্যু হয়। দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছে। মরদেহের আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।