• ঢাকা
  • |
  • সোমবার ৯ই চৈত্র ১৪৩২ সন্ধ্যা ০৬:০৮:২১ (23-Mar-2026)
  • - ৩৩° সে:
ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে ডিএমপির নির্দেশ

ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে ডিএমপির নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকায় ফুটপাত ও সড়ক দখল করে পরিচালিত দোকান, রেস্টুরেন্ট ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের বর্ধিতাংশ অপসারণের নির্দেশ দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।২৩ মার্চ সোমবার ডিএমপি সদরদপ্তর থেকে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে অবৈধ দখল সরিয়ে না নিলে আগামী ১ এপ্রিল থেকে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।ডিএমপি জানায়, মহানগরীর বিভিন্ন এলাকায় সড়কের পাশে থাকা রেস্টুরেন্ট, মোটরগাড়ি মেরামতের ওয়ার্কশপ, ওয়েল্ডিং ওয়ার্কশপ, পোশাক ও আসবাবপত্রের দোকানসহ নানা ধরনের ব্যবসা প্রতিষ্ঠান নিজেদের নির্ধারিত সীমানার বাইরে ফুটপাত ও সড়কের অংশ দখল করে কার্যক্রম পরিচালনা করছে। এতে পথচারীদের চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছে এবং নিরাপত্তা ঝুঁকি বাড়ছে।গণবিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, অনেক রেস্টুরেন্ট ফুটপাতের ওপর রান্নার সরঞ্জাম স্থাপন করছে। একইভাবে মোটর ওয়ার্কশপগুলো টায়ার ও যন্ত্রপাতি সড়ক ও ফুটপাতে রেখে কাজ করছে, এমনকি কোথাও কোথাও রাস্তার এক লেন পর্যন্ত দখল করা হচ্ছে। পোশাক ও আসবাবপত্রের দোকানগুলোর ক্ষেত্রেও একই চিত্র দেখা যাচ্ছে।এসব কারণে পথচারীরা বাধ্য হয়ে সড়কে চলাচল করছেন, ফলে যানজট বৃদ্ধি পাচ্ছে এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে বলে জানিয়েছে ডিএমপি।এ অবস্থায় সংশ্লিষ্ট সকল ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের জনস্বার্থে দ্রুত ফুটপাত ও সড়ক থেকে মালামাল সরিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়েছে।ডিএমপি সতর্ক করে বলেছে, নির্দেশনা অমান্য করলে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সামারি ট্রায়াল ও মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। এ সময় কারাদণ্ড, অর্থদণ্ড এবং মালামাল বাজেয়াপ্তসহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।