কুষ্টিয়ায় পাথরবাহী ট্রাক উল্টে চালক ও হেলপারের মৃত্যু
ডেস্ক রিপোর্ট: কুষ্টিয়ায় পাথরবোঝাই একটি ট্রাক উল্টে চালক ও হেলপারের মৃত্যু হয়েছে। ২১ জুন রোববার সকাল পৌনে ৭টার দিকে পাবনা-কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন ট্রাকচালক আনিস এবং হেলপার রতন। তাদের বাড়ি ফরিদপুর সদর উপজেলায় বলে জানা গেছে।প্রত্যক্ষদর্শীরা জানান, চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর থেকে পাথরবোঝাই ট্রাকটি ফরিদপুরের দিকে যাচ্ছিল। পথে কুষ্টিয়া বাইপাস সড়কে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রাস্তার পাশে উল্টে যায় এবং এতে আগুন ধরে যায়।খবর পেয়ে কুষ্টিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। তারা ট্রাকের কেবিন থেকে চালক আনিসের মরদেহ উদ্ধার করেন। পরে ট্রাকের নিচে পড়ে থাকা পাথর সরিয়ে হেলপার রতনের মরদেহ উদ্ধার করা হয়।কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আরশেদ আলী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রাকটির যান্ত্রিক ত্রুটি অথবা চালক ঘুমিয়ে পড়ার কারণে দুর্ঘটনাটি ঘটতে পারে।তিনি আরও জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় উদ্ধার কাজ সম্পন্ন করে।