ডেস্ক রিপোর্ট: ভোলার দৌলতখান উপজেলা সংলগ্ন মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে ২ কেজি ৬০০ গ্রাম ওজনের বড় একটি ‘রাজা ইলিশ’। স্থানীয় আড়তে নিলামের মাধ্যমে ১১ হাজার ৬০০ টাকায় বিক্রি হয়েছে মাছটি।
২৪ জুন বৃহস্পতিবার দুপুরে উপজেলার মেদুয়া ইউনিয়নের মাঝিরহাট আড়তে মাছটি বিক্রি করা হয়।
এ সময় সর্বোচ্চ দাম হাঁকিয়ে মাছটি কিনে নেন আলম ব্যাপারী নামে স্থানীয় এক মাছ ব্যবসায়ী।
জানা গেছে, বৃহস্পতিবার ভোরে স্থানীয় রহমান মাঝি ৭-৮ জন মাঝিমাল্লা নিয়ে দৌলতখান উপজেলা সংলগ্ন মেঘনা নদীতে ইলিশ ধরতে গিয়ে জাল ফেলেন। এর কয়েকঘণ্টা পর জাল টেনে ট্রলারে তোলার সময় অন্যান্য মাছের সঙ্গে রাজা ইলিশটিও তাদের জালে ধরা পড়ে। পরবর্তীতে তারা মাছটি স্থানীয় আড়তে বিক্রির জন্য তোলেন।
এসময় বেশ কয়েকজন আড়তদার মাছটি কেনার জন্য নিলামে অংশগ্রহণ করেন এবং সর্বোচ্চ দামে আলম ব্যাপারী মাছটি কিনে নেন।
অতঃপর...মাছটির ক্রেতা মো. আলম বলেন, সচরাচর এতো বড় নদীর ইলিশের দেখা মেলে না। কৌতূহলবশত ২ কেজি ৬০০ গ্রাম ওজনের ইলিশটি ১১ হাজার ৬০০ টাকায় আমি কিনেছি। এটি বিক্রির জন্য ঢাকায় পাঠাবো। আশা করছি, সর্বনিম্ন ১৩ থেকে ১৪ হাজার টাকায় ইলিশটি বিক্রি করতে পারবো।
এ বিষয়ে ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, ভোলার মেঘনা-তেঁতুলিয়া নদীতে গত মার্চ-এপ্রিল দুই মাসের সরকারি নিষেধাজ্ঞা সফল হওয়ার সুফল পাচ্ছেন জেলেরা। নদীতে গিয়ে এখন তারা বড় ইলিশসহ বিভিন্ন প্রজাতির বড় মাছ পাচ্ছেন। এর পরিমাণ আগামীতে আরও বাড়বে।
সূত্র: আর...টি
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available