নারায়ণগঞ্জ প্রতিনিধি : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ১ হাজার ১৩৫ জন পরিচ্ছন্নতাকর্মীর মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ অনুদান বিতরণ করা হয়েছে।
২৫ মে সোমবার বেলা সাড়ে ১১টায় নগর ভবনের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পরিচ্ছন্নতাকর্মীদের হাতে অনুদানের অর্থ তুলে দেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।
প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক সাখাওয়াত হোসেন খান জানান, ঈদুল ফিতরের ধারাবাহিকতায় এবারও ঈদুল আজহা উপলক্ষে প্রত্যেক পরিচ্ছন্নতাকর্মীকে ৫ হাজার টাকা করে অনুদান প্রদান করেছে সরকার।
তিমি বলেন, পরিচ্ছন্নতাকর্মীদের অক্লান্ত পরিশ্রমের কারণেই নগরবাসী একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য পরিবেশে বসবাস করতে পারছেন। ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে সরকার সবসময় তাদের পাশে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কল্যাণমুখী কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, "আসন্ন ঈদুল আজহায় কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণে সিটি করপোরেশন সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। ঈদের দিন সকাল সাড়ে ১১টা থেকে নির্ধারিত সময়ের মধ্যেই বর্জ্য অপসারণ কার্যক্রম সম্পন্ন করা হবে। নগরবাসী যাতে কোনো ধরনের ভোগান্তিতে না পড়েন, সে বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।" প্রতিটি ওয়ার্ডে পরিচালিত কার্যক্রম তিনি নিজেও তদারকি করবেন বলে জানান।
এসময় ঈদের দিন দায়িত্ব পালনকারী পরিচ্ছন্নতাকর্মীদের জন্য বিশেষ ভাতার ব্যবস্থাও রাখা হয়েছে বলে জানান প্রশাসক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আজগর হোসেন, ইসমাইল চৌধুরী, এ কে এম ফরিদুল মিরাজ, হেমায়েত উদ্দিন, আলমগীর হিরণ, সাবেক কাউন্সিলর শওকত হাসেম শকু ও মো. শামসুজ্জোহাসহ নাসিকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় ব্যক্তিবর্গ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available