• ঢাকা
  • |
  • শনিবার ৩০শে জ্যৈষ্ঠ ১৪৩৩ সকাল ১০:৫৫:২৩ (13-Jun-2026)
  • - ৩৩° সে:

হামলা বন্ধের শর্তে ইরানকে ২০ বিলিয়ন ডলার দিচ্ছে আরব আমিরাত

১৩ জুন ২০২৬ সকাল ০৮:৪১:১৩

হামলা বন্ধের শর্তে ইরানকে ২০ বিলিয়ন ডলার দিচ্ছে আরব আমিরাত

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সঙ্গে উত্তেজনা প্রশমনে বড় অঙ্কের আর্থিক সমঝোতায় পৌঁছেছে সংযুক্ত আরব আমিরাত। বিষয়টি সম্পর্কে অবগত চারটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হামলা বন্ধের শর্তে তেহরানকে ২০ বিলিয়ন ডলার দেওয়ার বিষয়ে আলোচনা চলছে।

রয়টার্সের সঙ্গে কথা বলা দুটি আঞ্চলিক সূত্র জানিয়েছে, এ পর্যন্ত ১০ বিলিয়ন ডলার ছাড়ের বিষয়ে সম্মতি দিয়েছে আবুধাবি। এর মধ্যে ৩ বিলিয়ন ডলারের বেশি অর্থ ইতোমধ্যে দেওয়া হয়েছে বলেও দাবি তাদের।

অন্য দুটি সূত্রের মতে, চূড়ান্ত অঙ্ক ২০ বিলিয়ন ডলার পর্যন্ত পৌঁছাতে পারে। তবে এই অর্থ আরব আমিরাতের নিজস্ব তহবিল থেকে দেওয়া হবে, নাকি বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে আটকে থাকা ইরানের অর্থ ছাড় করা হবে—সেটি এখনো স্পষ্ট নয়।

বিষয়টি নিয়ে মন্তব্য করতে গিয়ে আমিরাতের এক কর্মকর্তা বলেন, আঞ্চলিক উত্তেজনা কমিয়ে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠাই তাদের পররাষ্ট্রনীতির অন্যতম প্রধান লক্ষ্য। সংঘাত নিরসনে আন্তর্জাতিক উদ্যোগগুলোকেও সমর্থন করছে দেশটি।

সমঝোতা সম্পর্কে অবগত একটি সূত্র জানায়, এই উদ্যোগের ফলে কোনো পক্ষই নিজেদের ঘোষিত ‘রেড লাইন’ অতিক্রম না করেই উত্তেজনা কমানোর সুযোগ পাচ্ছে। এতে ইরান যুদ্ধজনিত ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ পাওয়ার দাবি করতে পারবে, আর যুক্তরাষ্ট্রও সরাসরি অর্থায়নের অভিযোগ থেকে দূরে থাকতে পারবে।

আরেকটি সূত্রের দাবি, অর্থ ছাড়ের বিনিময়ে আরব আমিরাতের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা বন্ধ করবে ইরান। পাশাপাশি দুই দেশের মধ্যে গোয়েন্দা তথ্য বিনিময়, অর্থনৈতিক সহযোগিতা এবং দ্বিপক্ষীয় সম্পর্ক পুনর্গঠনের বিষয়েও আলোচনা হয়েছে।

সূত্র: রয়টার্স

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us