অনলাইন ডেস্ক: অধ্যাপক মুহাম্মদ ইউনূস এর নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে দায়ের করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
২১ মে বৃহস্পতিবার বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ার এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে গত ১৭ মে রোববার অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়। ওইদিন শুনানি শেষে আদালত আদেশের জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেছিলেন।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এম কে রহমান এবং রিটকারী আইনজীবী মহসিন রশীদ। রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।
শুনানি শেষে আইনজীবী এম কে রহমান সাংবাদিকদের বলেন, অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে তারা রিট করেছিলেন। তার দাবি, এ সময়ে অর্থনীতি, স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তিনি বলেন, ‘কমিশন অব ইনকোয়ারি অ্যাক্ট’ অনুযায়ী একটি তদন্ত কমিশন গঠন করা প্রয়োজন, যাতে ভবিষ্যতে কোনো নির্বাচিত সরকার বিষয়টি উপেক্ষা করতে না পারে।
রিটকারী আইনজীবী মহসিন রশীদ বলেন, এই সময়ে যা কিছু ঘটেছে তার সুষ্ঠু তদন্ত চাওয়া হয়েছিল। তদন্তের প্রক্রিয়া কীভাবে হবে, তা সরকার নির্ধারণ করবে বলেও তিনি উল্লেখ করেন।
তবে শুনানি শেষে হাইকোর্ট রিট আবেদনটি খারিজ করে দেন।
সূত্র: যমুনা টিভি
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available