অনলাইন ডেস্ক: এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) আমদানি বিল পরিশোধের পর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ৩৪ দশমিক ১৪ বিলিয়ন ডলারে নেমে এসেছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
১০ মে রোববার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।


কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, মার্চ ও এপ্রিল মাসের আকুর বিল বাবদ ১ হাজার ৫১৪ দশমিক ৯৪ মিলিয়ন বা ১ দশমিক ৫১ বিলিয়ন ডলার পরিশোধ করা হয়েছে। এর ফলে ১০ মে পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩৪ হাজার ১৪০ দশমিক ০২ মিলিয়ন বা ৩৪ দশমিক ১৪ বিলিয়ন ডলার।

অন্যদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ হিসাব পদ্ধতি অনুযায়ী দেশের রিজার্ভ দাঁড়িয়েছে ২৯ হাজার ৪৭৯ দশমিক ২৭ মিলিয়ন বা ২৯ দশমিক ৪৭ বিলিয়ন ডলারে।
এর আগে, গত ৭ মে দেশের গ্রস রিজার্ভ ছিল ৩৫ হাজার ৬১৬ দশমিক ৬৯ মিলিয়ন বা ৩৫ দশমিক ৬১ বিলিয়ন ডলার। একই সময়ে বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভ ছিল ৩০ হাজার ৯৬০ দশমিক ০৪ মিলিয়ন বা ৩০ দশমিক ৯৬ বিলিয়ন ডলার।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আইএমএফের বিপিএম-৬ পদ্ধতিতে মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বাদ দিয়ে নিট বা প্রকৃত রিজার্ভ হিসাব করা হয়।
আকু কী
এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন (আকু) হলো এশিয়ার কয়েকটি কেন্দ্রীয় ব্যাংকের মধ্যকার একটি আন্তঃআঞ্চলিক লেনদেন নিষ্পত্তি ব্যবস্থা। এর মাধ্যমে বাংলাদেশসহ সদস্যভুক্ত দেশগুলোর আমদানি-রফতানি লেনদেনের মূল্য প্রতি দুই মাস পরপর পরিশোধ করা হয়।
জাতিসংঘের ইএসক্যাপের উদ্যোগে ১৯৭৪ সালের ৯ ডিসেম্বর আকু প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর ইরানের তেহরানে অবস্থিত।
বর্তমানে আকুর সদস্য দেশগুলো হলো বাংলাদেশ, ভারত, ইরান, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, মিয়ানমার, ভুটান ও মালদ্বীপ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available