• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৫ই জ্যৈষ্ঠ ১৪৩৩ রাত ০৯:৪২:২৩ (19-May-2026)
  • - ৩৩° সে:

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

১৯ মে ২০২৬ সন্ধ্যা ০৭:৫১:১২

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠার মাধ্যমে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। তিনি বলেন, দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদী শাসনের পর বাংলাদেশ এখন গণতন্ত্রের পথে নতুন যাত্রা শুরু করেছে।

১৯ মে মঙ্গলবার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ-২০২৬ উপলক্ষে দেওয়া এক ফেসবুক পোস্টে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বাহিনীর সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং তৃণমূলের সদস্যদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

Ad
Ad

মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী আনসার-ভিডিপির ৬৭০ শহিদের প্রতিও গভীর শ্রদ্ধা জানান তিনি।

Ad

প্রধানমন্ত্রী বলেন, দেশের যেকোনো প্রয়োজনে আনসার ও ভিডিপি সদস্যদের সময়োপযোগী ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। বিশেষ করে গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করতে বাহিনীটির সদস্যরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

তিনি আরও বলেন, একটি স্বনির্ভর, মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘আমাদের হাত কোটি হাতিয়ার, অঙ্গীকার আমাদের দেশ গড়বার’ এই আদর্শকে সামনে রেখে বাহিনীটি দেশের প্রান্তিক জনগোষ্ঠীর সঙ্গে শক্তিশালী সংযোগ গড়ে তুলেছে।

গ্রাম ও শহরে নিরাপদ সমাজব্যবস্থা গড়ে তোলা, মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা এবং বিভিন্ন সামাজিক সেবামূলক কার্যক্রম বাস্তবায়নে আনসার-ভিডিপি সরকারের অবিচ্ছেদ্য অংশ হিসেবে কাজ করছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, বৃক্ষরোপণ, খাল খনন, দুর্যোগ ব্যবস্থাপনা, খাদ্য নিরাপত্তা ও পুনর্বাসনের মতো কার্যক্রমে আনসার-ভিডিপির বিস্তৃত নেটওয়ার্ক কার্যকর ভূমিকা রাখতে পারে। পাশাপাশি শিল্প-কারখানা, হাসপাতাল, আর্থিক প্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে ৫২ হাজারের বেশি অঙ্গীভূত আনসার সদস্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

যুবসমাজকে দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে আনসার ও ভিডিপির প্রশিক্ষণ কার্যক্রমেরও প্রশংসা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, কর্মসংস্থান ও স্বনির্ভরতার নতুন মডেলে সাধারণ মানুষকে সম্পৃক্ত করে উৎপাদনমুখী রাষ্ট্র গঠনে এই বাহিনী সহায়ক শক্তি হিসেবে কাজ করবে।

প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, দেশপ্রেমে উদ্বুদ্ধ আনসার-ভিডিপির ৬০ লাখ সদস্যের সাহস ও নিষ্ঠায় দেশের প্রতিটি গ্রাম আর্থ-সামাজিক উন্নয়নের কেন্দ্রে পরিণত হবে এবং বৈষম্যমুক্ত, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সবশেষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে প্রধানমন্ত্রী বলেন, দেশ গড়ার পবিত্র দায়িত্ব পালনে বাহিনীর সাহসী ও কার্যকর ভূমিকার প্রতি সরকারের পূর্ণ আস্থা রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us