আজ ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
ডেস্ক রিপোর্ট: আসন্ন ঈদুল ফিতরের আগেই দেশের ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ ১৪ মার্চ শনিবার এই কার্যক্রম উদ্বোধন হবে।১২ মার্চ বৃহস্পতিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক বার্তায় এ তথ্য জানানো হয়।সেখানে বলা হয়েছে, ১৪ মার্চ শনিবার সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইমরানুল হাসানের পাঠানো এক বার্তায় আরো জানানো হয়, একইসঙ্গে খাদেম, পুরোহিত, সেবায়েত, বিহার অধ্যক্ষ ও উপাধ্যক্ষদেরও সম্মানি প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হবে।এর আগে গত ৮ মার্চ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ জানিয়েছিলেন, বিএনপির নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সম্মানী ভাতা দেবে সরকার। শুধু তাই নয়, অন্যান্য ধর্মের যাজক, পুরোহিত, বিহার অধ্যক্ষদেরও ভাতা প্রদান করা হবে।প্রতিটি মসজিদে মাসিক ভাতা ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ইমাম ৫ হাজার, মুয়াজ্জিন ৩ হাজার এবং খাদেম ২ হাজার টাকা করে পাবেন।প্রতিটি মন্দিরের জন্য ৮ হাজার টাকা দেওয়া হবে। যা থেকে পুরোহিত ৫ হাজার এবং সেবাইত ৩ হাজার টাকা পাবেন।প্রতিটি বৌদ্ধ বিহারের জন্য ৮ হাজার টাকা দেওয়া হবে। যার মধ্যে বিহার অধ্যক্ষ ৫ হাজার এবং উপাধ্যক্ষ ৩ হাজার টাকা পাবেন।প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা বলেন, এ ছাড়া প্রতি চার্চের জন্য ৮ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। যার মধ্যে পালক/যাজক ৫ হাজার ও সহকারী পালক/যাজক ৩ হাজার টাকা পাবেন।