• ঢাকা
  • |
  • সোমবার ৭ই আষাঢ় ১৪৩৩ রাত ০১:২১:৩৮ (22-Jun-2026)
  • - ৩৩° সে:
কাপ্তাই হ্রদ থেকে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার

কাপ্তাই হ্রদ থেকে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার

রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটি শহরের রিজার্ভমুখ এলাকায় কাপ্তাই হ্রদ থেকে নিখোঁজ এক নারীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস।২১ জুন রোববার সকালে স্থানীয়দের খবরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেন।নিহত মুক্তা বড়ুয়া (২৮) শহরের বিজিবি রোড এলাকার বাসিন্দা।পরিবার সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। গত শুক্রবার ভোরে পরিবারের অজান্তে বাসা থেকে বের হয়ে যাওয়ার পর তাকে খুঁজে না পেয়ে শনিবার রাঙামাটি কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।স্থানীয়দের ভাষ্য, সকালে হ্রদে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে উদ্ধার অভিযানে মরদেহটি শনাক্ত করেন স্বজনরা।রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দিন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।