• ঢাকা
  • |
  • শুক্রবার ২৫শে বৈশাখ ১৪৩৩ সকাল ০৭:৫৭:১৮ (08-May-2026)
  • - ৩৩° সে:
নারায়ণগঞ্জে থানা থেকে লুটের ৭ সাউন্ড গ্রেনেড উদ্ধার

নারায়ণগঞ্জে থানা থেকে লুটের ৭ সাউন্ড গ্রেনেড উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিশেষ অভিযান চালিয়ে ২০২৪ সালের ৫ আগস্টে বিভিন্ন থানা থেকে লুট হওয়া ৭টি সাউন্ড গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। এসময় হেলমেট, লাঠিসহ বিভিন্ন সরঞ্জামও জব্দ করা হয়।১৯ এপ্রিল রোববার দুপুরে সোনারগাঁ পৌর এলাকার লাহাপাড়া গ্রামের মাহবুব সরকারের বাড়ির ভাড়াটিয়ার কক্ষ থেকে এসব উদ্ধার করা হয় বলে বিষয়টি নিশ্চিত করে পুলিশ।পুলিশ জানায়, নরসিংদীর শিবপুর উপজেলার ইটাখোলা এলাকা থেকে গত ১৬ এপ্রিল একটি তেলবাহী গাড়ি ছিনতাইয়ের ঘটনায় তদন্ত করতে গিয়ে তারা সোনারগাঁয়ের লাহাপাড়া এলাকায় সন্দেহভাজনের অবস্থান শনাক্ত করে। সিসিটিভি ফুটেজ ও মোবাইল ফোনের তথ্য বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া যায়।এরপর রোববার দুপুরে নরসিংদী ডিবি পুলিশের পরিদর্শক সালাউদ্দিন কাদেরের নেতৃত্বে সোনারগাঁ থানা পুলিশের সহযোগিতায় ওই এলাকায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত ভাড়াটিয়া আজিজুল ইসলাম পালিয়ে যান। পরে মাহবুব সরকারের পাঁচতলা বাড়ির নিচতলায় অভিযান চালিয়ে সাউন্ড গ্রেনেডগুলো উদ্ধার করা হয়।বাড়ির মালিক মাহবুব সরকার বলেন, আজিজুল ইসলাম হামছাদী এলাকার বাসিন্দা এবং তিনি বিভিন্ন পণ্যের ডিলার হিসেবে ব্যবসা করতেন। সাউন্ড গ্রেনেডের বিষয়ে তিনি কিছু জানেন না বলে দাবি করেন।সোনারগাঁ থানার ওসি মো. মহিববুল্লাহ জানান, উদ্ধার হওয়া সাউন্ড গ্রেনেডগুলো কোন থানা থেকে লুট করা হয়েছে তা শনাক্তের কাজ চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং পলাতক আজিজুল ইসলামকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।