শিরোপা উৎসবে ফিলিস্তিনের পতাকা হাতে ইয়ামাল
স্পোর্টস ডেস্ক: স্প্যানিশ ক্লাব বার্সেলোনার লা লিগা শিরোপা জয়ের উৎসবের মাঝেই ফিলিস্তিনের পতাকা হাতে দেখা গেল তরুণ ফুটবল তারকা লামিন ইয়ামালকে। খোলা বাসে শোভাযাত্রার সময় তার হাতে ফিলিস্তিনের পতাকা দেখা যাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম হয়েছে।সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, লা লিগা জয়ের উদযাপনে সোমবার সতীর্থদের সঙ্গে ছাদখোলা বাসে অংশ নেন ১৮ বছর বয়সী ইয়ামাল। এ সময় তাকে ফিলিস্তিনের পতাকা হাতে সমর্থকদের শুভেচ্ছা গ্রহণ করতে দেখা যায়। পরে সেই ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।এর কয়েক ঘণ্টা আগেই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ২-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো লা লিগা শিরোপা নিশ্চিত করে বার্সেলোনা। ইনজুরির কারণে এল ক্লাসিকোতে খেলতে না পারলেও শিরোপা উদযাপনে দলের সঙ্গে ছিলেন ইয়ামাল।ভাইরাল হওয়া ভিডিওগুলোতে দেখা যায়, বাসের এক পাশে দাঁড়িয়ে থাকা ইয়ামাল হাসিমুখে সমর্থকদের অভিবাদন জানাচ্ছেন। তার হাতে থাকা ফিলিস্তিনের পতাকাই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে।গাজাসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের ফুটবলভক্ত, অধিকারকর্মী ও বিশ্লেষকরা ইয়ামালের এই পদক্ষেপকে ফিলিস্তিনিদের প্রতি সংহতির বার্তা হিসেবে দেখছেন। গাজার এক ফিলিস্তিনি শিক্ষার্থী মুহাম্মদ আকরাম সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘কারও কাছে এটি সাধারণ একটি অঙ্গভঙ্গি হতে পারে, কিন্তু গাজায় এটি হৃদয় ছুঁয়ে যায়।’তিনি আরও লেখেন, ‘ধন্যবাদ, লামিন ইয়ামাল। গাজা থেকে বলছি, আপনি ধারণার চেয়েও বেশি ভালোবাসা পাচ্ছেন।’২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর গাজায় শুরু হওয়া যুদ্ধের পর থেকে বিশ্বের বিভিন্ন দেশে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ ও সমাবেশে ফিলিস্তিনের পতাকা সংহতির প্রতীক হিসেবে ব্যবহৃত হচ্ছে। বিভিন্ন ক্রীড়া আসর ও জনসমাগমেও বহু সমর্থককে এই পতাকা বহন করতে দেখা গেছে।লেবাননের রাজনৈতিক কর্মী ও লেখক দিয়াব আবু জাহজাহ সামাজিক মাধ্যমে লেখেন, ‘আপনার যদি কোনো প্ল্যাটফর্ম থাকে, তাহলে সেটি ব্যবহার করুন। আপনার যদি কণ্ঠ থাকে, তাহলে কথা বলুন। ব্রাভো লামিন ইয়ামাল।’এদিকে বার্সেলোনার কোচ হ্যান্সি ফ্লিক জানিয়েছেন, বিষয়টি নিয়ে তিনি ইয়ামালের সঙ্গে কথা বলেছেন। মঙ্গলবার গণমাধ্যমকে তিনি বলেন, ‘আমি তাকে বলেছি, তুমি যদি এটা করতে চাও, সেটা তোমার সিদ্ধান্ত। তুমি এখন যথেষ্ট বড় হয়েছ।’উৎসব শেষে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও ফিলিস্তিনের পতাকা হাতে একটি ছবি পোস্ট করেন ইয়ামাল। সেখানে অনুষ্ঠানের আরও কয়েকটি মুহূর্তও শেয়ার করা হয়। পোস্টটিতে ইতোমধ্যে মিলিয়নের বেশি প্রতিক্রিয়া পড়েছে। পোস্টে মন্তব্য করেছেন বার্সেলোনার সতীর্থ মার্কাস রাশফোর্ড ও ডাচ ফুটবলার আনোয়ার এল গাজি।ফিলিস্তিনি লেখক ও কবি মোসাব আবু তোহা মন্তব্য করেন, ‘গাজা থেকে আমরা তোমাকে ভালোবাসি।’