• ঢাকা
  • |
  • সোমবার ৭ই আষাঢ় ১৪৩৩ রাত ০৩:৪০:১৩ (22-Jun-2026)
  • - ৩৩° সে:
হরমুজ নিয়ে ইরানের নতুন ঘোষণার পর লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

হরমুজ নিয়ে ইরানের নতুন ঘোষণার পর লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ লেবাননে সামরিক অভিযান বন্ধের নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। ইসরায়েলের টেলিভিশন চ্যানেল ১২-এর বরাতে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে দক্ষিণ লেবাননে আক্রমণাত্মক সামরিক কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হলেও বর্তমানে দখলে থাকা অঞ্চলগুলো থেকে ইসরায়েলি সেনা সরিয়ে নেওয়ার কোনো নির্দেশ এখনো দেওয়া হয়নি।চ্যানেল ১২-এর প্রতিবেদনে বলা হয়েছে, হামলা বন্ধের নির্দেশ কার্যকর হওয়ার নির্দিষ্ট সময় কিংবা এর আওতায় কোন ধরনের সামরিক কর্মকাণ্ড অন্তর্ভুক্ত থাকবে, সে বিষয়ে বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি।এদিকে, দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলার জেরে আবারও হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিয়েছে ইরান। দেশটির শীর্ষ সামরিক কমান্ড খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স জানিয়েছে, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগে প্রণালিতে জাহাজ চলাচল বন্ধ করা হয়েছে।ইরানের সামরিক কমান্ডের ভাষ্য, এই পদক্ষেপ তাদের প্রতিক্রিয়ার ‘প্রথম ধাপ’। তাদের দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ থেকে আগ্রাসন অব্যাহত থাকলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।অন্যদিকে, দীর্ঘদিনের সংঘাত ও হামলায় দক্ষিণ লেবাননে প্রাণহানির সংখ্যা বাড়ছেই। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত ৪ হাজার ৫৭ জন নিহত হয়েছেন। একই সময়ে আহত হয়েছেন আরও ১২ হাজার ১২১ জন। নিহত ও আহতদের বড় অংশই দক্ষিণ লেবাননের বাসিন্দা।