• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে বৈশাখ ১৪৩৩ রাত ০১:৪৩:৩৭ (08-May-2026)
  • - ৩৩° সে:
কর্মচারীদের সন্তানদের বৃত্তি দেবে জাতীয় বিশ্ববিদ্যালয়

কর্মচারীদের সন্তানদের বৃত্তি দেবে জাতীয় বিশ্ববিদ্যালয়

ডেস্ক রিপোর্ট: জাতীয় বিশ্ববিদ্যালয়ে কর্মরত ১১তম থেকে ২০তম গ্রেডের নিয়মিত কর্মচারীদের সন্তানদের জন্য ২০২৫-২৬ অর্থবছরের ‘পোষ্য শিক্ষাবৃত্তি’ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৬ মে বুধবার বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ষষ্ঠ থেকে দশম শ্রেণি, উচ্চমাধ্যমিক, স্নাতক (পাস ও সম্মান), স্নাতকোত্তর, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং ও কৃষিসহ সরকার স্বীকৃত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবে। আবেদন জমা দেওয়ার শেষ সময় আগামী ২১ মে।বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, বীর মুক্তিযোদ্ধা কর্মচারীদের সন্তান ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানে অগ্রাধিকার দেওয়া হবে। সমযোগ্যতার ক্ষেত্রে চতুর্থ শ্রেণির কর্মচারীদের সন্তানদের অগ্রাধিকার দেওয়া হবে।এছাড়া স্বামী-স্ত্রী উভয়ই জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়মিত কর্মচারী হলে যেকোনো একজন এ সুবিধার জন্য আবেদন করতে পারবেন। একজন কর্মচারী চাকরিজীবনে সর্বোচ্চ দুই সন্তানের ধারাবাহিক শিক্ষার জন্য এ বৃত্তির আবেদন করতে পারবেন।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিগত বছরের বার্ষিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে শিক্ষাবৃত্তি দেওয়া হবে। আবেদনের সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র, বেতন ও ভর্তি ফি জমার রশিদ এবং পূর্ববর্তী পরীক্ষার ফলাফলের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে।এ ছাড়া শিক্ষার্থীর জন্মনিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র এবং পিতা-মাতার জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপিও সংযুক্ত করতে হবে।আগ্রহী কর্মচারীরা বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের কল্যাণ শাখা (কক্ষ নম্বর-২০২) থেকে নির্ধারিত আবেদন ফরম সংগ্রহ করতে পারবেন। যথাযথভাবে পূরণ করা আবেদনপত্র বিভাগীয় প্রধানের সুপারিশসহ আগামী ২১ মের মধ্যে সংশ্লিষ্ট দপ্তরে জমা দিতে হবে।নির্ধারিত সময়ের পর জমা দেওয়া কোনো আবেদন গ্রহণ করা হবে না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।