• ঢাকা
  • |
  • সোমবার ৭ই আষাঢ় ১৪৩৩ ভোর ০৫:৩১:৫০ (22-Jun-2026)
  • - ৩৩° সে:
হিজবুল্লাহর ঘাঁটি দখলে গিয়ে ইসরাইলি সেনা নিহত, আহত ১৩

হিজবুল্লাহর ঘাঁটি দখলে গিয়ে ইসরাইলি সেনা নিহত, আহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক: লেবাননে হিজবুল্লাহর একটি বড় ভূগর্ভস্থ ঘাঁটি দখল অভিযানে গিয়ে এক ইসরাইলি সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৩ জন সেনা, যাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।২০ জুন শনিবার ভোরে লেবাননের দক্ষিণাঞ্চলে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।নিহত সেনার নাম নির বেন আরি (২১)। তিনি কমান্ডো ব্রিগেডের মাগলান ইউনিটের সদস্য ছিলেন। আইডিএফের দাবি, নাবাতিহ এলাকার কাফর তিবনিত গ্রামে আল-তাহের পর্বতশ্রেণির নিচে অবস্থিত হিজবুল্লাহর একটি বড় ভূগর্ভস্থ ঘাঁটি দখলের সময় তিনি নিহত হন।আইডিএফ জানায়, শনিবার রাত ১টা ৩০ মিনিটের দিকে ওই এলাকায় ইসরাইলি বাহিনীর অবস্থান লক্ষ্য করে রকেট ও ড্রোন হামলা চালানো হয়। এতে হতাহতের এই ঘটনা ঘটে। হামলার পর নাবাতিহ এলাকায় হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে পাল্টা হামলা চালায় ইসরাইলি বাহিনী।এর আগের দিন শুক্রবার সকালেও একই ঘাঁটি দখল অভিযানে হিজবুল্লাহর প্রতিরোধে চার ইসরাইলি সেনা নিহত হন। একটি ট্যাংকে ড্রোন বা ট্যাংকবিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলায় লেফটেন্যান্ট কর্নেল ডর গেদালিয়া বেন সিমহনসহ চারজন নিহত হয়েছিলেন।আইডিএফের ভাষ্য অনুযায়ী, আল-তাহের পর্বতশ্রেণির নিচে থাকা এই ভূগর্ভস্থ ঘাঁটিটি হিজবুল্লাহর ‘বদর’ আঞ্চলিক ডিভিশনের একটি প্রধান কেন্দ্র। সেখানে এখনো হিজবুল্লাহর বহু সদস্য অবস্থান করছেন এবং সাম্প্রতিক দিনগুলোতে ঘাঁটির ভেতরে ও আশপাশে তীব্র লড়াই চলছে।এ ঘটনার পর দক্ষিণ ও পূর্ব লেবাননে বড় ধরনের বিমান হামলা চালায় ইসরাইল। লেবাননের গণমাধ্যম ও উদ্ধারকর্মীদের বরাতে জানা গেছে, এসব হামলায় অন্তত ২৭ জন নিহত এবং ২৬ জন আহত হয়েছেন।এদিকে শনিবার আইডিএফ জানিয়েছে, রাজনৈতিক নেতৃত্বের নির্দেশনায় ঘোষিত ‘নিরাপত্তা অঞ্চল’-এর বাইরে আপাতত হামলা বন্ধ রাখা হয়েছে। তবে নিরাপত্তা অঞ্চলের ভেতরে তাদের সামরিক অভিযান অব্যাহত থাকবে।সূত্র: দ্য টাইমস অব ইসরাইল