নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়া উপজেলায় চলতি বোরো মৌসুমে কৃত্রিম জ্বালানি সংকট নিরসনের জন্য উপজেলা প্রশাসন বিভিন্ন পেট্রোল পাম্পে আকস্মিক অভিযান পরিচালনা করেছে।
৭ মার্চ শনিবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রিফাতের নেতৃত্বে জামতলী, নিংগইন, বাস টার্মিনালসহ মোট চারটি পাম্পে অভিযান চালানো হয়।


অভিযানের এক পর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে নিংগুইন ভাটোপাড়া এলাকায় তল্লাশি চালানো হয়। এ সময় ভাটোপাড়া মহল্লার মসজিদের দক্ষিণ পাশে বাঁশঝাড়ের মধ্যে মাটির নিচে পানির ট্যাঙ্কে ১০ হাজার লিটার ডিজেল মজুদের তথ্য পাওয়া যায়।

পরবর্তীতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জ্বালানি তেল সংরক্ষণ করে কৃত্রিম সংকট সৃষ্টির দায়ে ব্যবসায়ী রুবেল হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে উপজেলা নির্বাহী অফিসার পেট্রোল পাম্পগুলোর বাঙ্কারে থাকা জ্বালানি তেলের পরিমাণও পরিদর্শন করেন। তিনি পাম্প মালিকদের নির্দেশ দেন, বোরো মৌসুমে চাষীদের সেচ সুবিধায় যেন কোনরকম হয়রানি না হয় এবং সরকার নির্ধারিত পরিমানে জ্বালানি তেল প্রদান নিশ্চিত করতে।
অভিযানে সিংড়া উপজেলা কৃষি অফিসার খন্দকার ফরিদসহ অন্যান্য কর্মকর্তা ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।
চলতি মৌসুমে চলনবিল অধ্যুষিত সিংড়া উপজেলায় ৩৬,৬০০ হেক্টর জমিতে বোরো চাষ হয়েছে। এসব জমিতে ১৪,৩৫০টি ডিজেল চালিত ইঞ্জিন দিয়ে সেচ প্রদান করা হয়। এই পরিস্থিতিতে অভিযানটি চাষীদের জন্য পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করার উদ্দেশ্যে পরিচালিত হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available