ডেস্ক রিপোর্ট: সারা দেশে আজ ১১ মে সোমবার থেকে শুরু হচ্ছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ-এর ভ্রাম্যমাণ ট্রাকসেল কার্যক্রম। ঈদুল আজহা উপলক্ষে ৭২০টি ট্রাকের মাধ্যমে ১০ দিনব্যাপী এ কর্মসূচিতে সাশ্রয়ী মূল্যে ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল বিক্রি করা হবে।
দেশ রূপান্তরের এক প্রতিবেদন থেকে জানা যায়, সারা দেশে ৭২০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ১১ মে থেকে ২১ মে পর্যন্ত (শুক্রবার ব্যতীত) এ কার্যক্রম চলবে। প্রতিটি ট্রাকে ৪০০ জন সাধারণ ভোক্তার কাছে নির্ধারিত দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করা হবে।


এই কর্মসূচির মাধ্যমে প্রায় ২৮ লাখ ৮০ হাজার উপকারভোগীর কাছে প্রায় ১৩ হাজার ৯৩৯ মেট্রিক টন পণ্য বিক্রির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। যে কোনো সাধারণ ভোক্তা ট্রাকসেল থেকে এসব পণ্য কিনতে পারবেন।

টিসিবির উপপরিচালক (বাণিজ্যিক) মো. শাহাদাত হোসেন স্বাক্ষরিত আদেশে এ তথ্য জানানো হয়েছে।
আদেশে বলা হয়, সরকারি নির্দেশনায় টিসিবির কার্ডধারী নিম্নআয়ের পরিবারের মাঝে ভর্তুকিমূল্যে পণ্য বিক্রির কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি ঈদুল আজহা উপলক্ষে ট্রাকসেল কার্যক্রম আরও বিস্তৃত করা হয়েছে।
ঢাকা মহানগরীতে প্রতিদিন ৫০টি ট্রাক, চট্টগ্রাম মহানগরীতে ২০টি ট্রাক, অন্যান্য ছয় বিভাগীয় শহর ও সংশ্লিষ্ট জেলায় ১৫টি করে ট্রাক এবং বাকি ৫৬ জেলায় ১০টি করে ট্রাকে পণ্য বিক্রি করা হবে।
এদিকে ট্রাকসেলে প্রতি ভোক্তা সর্বোচ্চ দুই লিটার ভোজ্যতেল (প্রতি লিটার ১৩০ টাকা), এক কেজি চিনি (৮০ টাকা) এবং দুই কেজি মসুর ডাল (প্রতি কেজি ৭০ টাকা) কিনতে পারবেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available