বিনোদন ডেস্ক: জনপ্রিয় সংগীত প্ল্যাটফর্ম কোক স্টুডিও বাংলার চতুর্থ সিজনের যাত্রা শুরু হচ্ছে।
আজ ২৩ মে শনিবার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ নজরুলসংগীত ‘রুম ঝুম’ দিয়ে এবারের সিজনের উদ্বোধন করা হচ্ছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোক স্টুডিও বাংলা জানিয়েছে, জাতীয় কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে এবারের সিজন শুরু করা হচ্ছে একটি বিশেষ সাংস্কৃতিক স্মারক পরিবেশনার মাধ্যমে।
গান ‘রুম ঝুম’ এর মূল সুর এসেছে অটোমান-তুর্কি লোকসংগীত ‘উস্কুদারা গিদের ইকেন’ থেকে। পরে কাজী নজরুল ইসলাম সেই সুরকে বাংলা বর্ষার আবহে নতুনভাবে রূপ দেন। বহু প্রজন্ম ধরে গানটি জনপ্রিয় হলেও এর দীর্ঘ সাংস্কৃতিক যাত্রার ইতিহাস অনেকের কাছেই অজানা ছিল। এবার সেই সংগীত ঐতিহ্যকে নতুনভাবে উপস্থাপন করছে কোক স্টুডিও বাংলা।
গানটিতে কণ্ঠ দিয়েছেন মাহতিম শাকিব ও নুসরাত জাহান। সহযোগী শিল্পী হিসেবে রয়েছেন তুরস্কের আলিফ হান্দে সেভগেল ও মোস্তফা ইপেক। এই গানের মাধ্যমেই কোক স্টুডিও বাংলার মঞ্চে অভিষেক হচ্ছে মাহতিম শাকিব ও নুসরাত জাহানের।
অভিষেক প্রসঙ্গে মাহতিম শাকিব বলেন, ‘রুম ঝুম এর অংশ হতে পারা আমার জন্য বিশেষ অভিজ্ঞতা। কোক স্টুডিও বাংলা এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে ঐতিহ্যবাহী সংগীতকে নতুন প্রজন্মের সঙ্গে সংযুক্ত করা হচ্ছে।’
নুসরাত জাহান বলেন, ‘রুম ঝুম আমার কাছে খুবই ব্যক্তিগত ও অর্থবহ একটি কাজ। এই প্রজেক্টের অংশ হতে পারা আমার জন্য স্বপ্নপূরণের মতো অনুভূতি।’
গানটির সংগীত প্রযোজনা করেছেন শুভেন্দু দাস, যিনি শিল্পীদের মেন্টর হিসেবেও যুক্ত ছিলেন।
জানা গেছে, আজ সন্ধ্যা সাড়ে ৭টায় কোক স্টুডিও বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হবে।
উল্লেখ্য, কোক স্টুডিও বাংলার চতুর্থ সিজনে মোট আটটি গান থাকবে, যেখানে ভিন্ন ভিন্ন আবেগ ও সংগীতধারাকে কেন্দ্র করে নতুন পরিবেশনা উপস্থাপন করা হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available